দায়িত্বে অবহেলার দায়ে এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বাহুবল থানার উপপরিদর্শক জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একই থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমানকে বরখাস্ত করার জন্য পুলিশ সদর দপ্তরকে চিঠি দিয়েছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।

বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শহীদুল ইসলাম। গত বৃহস্পতিবার কমিটি পুলিশ সুপার বরাবর প্রতিবেদন জমা দেয়।

মো. শহীদুল ইসলাম বলেন, কমিটি তদন্ত করতে গিয়ে ওই দুই পুলিশ কর্মকর্তার গাফিলতির প্রমাণ পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আজ এ ব্যবস্থা গ্রহণ করলেন। উপপরিদর্শক জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের পাশে একটি ছড়া থেকে গত ১৭ ফেব্রুয়ারি জাকারিয়া শুভ (৯), তাজেল মিয়া (১১), মনির (৭) ও ইসমাইল হোসেন (৮) নামের চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তারা ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয়।

ওই শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন এ-সংক্রান্ত অভিযোগ নিয়ে ওই শিশুদের পরিবারের সদস্যরা থানায় যান। তখন দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান ‘লেখার লোক নেই’ জানিয়ে তাঁদের পরের দিন আসতে বলেন। পরের দিন ১৩ ফেব্রুয়ারি ওই থানায় দায়িত্বরত কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি (জিডি) নেন। ১৪ ফেব্রুয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিখোঁজ চার শিশুর বাড়িতে যায় বিষয়টি তদন্ত করতে। শিশুদের সন্ধান না পাওয়ায় পুলিশ ১৬ ফেব্রুয়ারি অপহরণ মামলা নেয়। মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি।
মামলার বাদী নিহত শিশু মনিরের বাবা আবদাল মিয়া বলেন, সন্দেহভাজনদের নাম তাঁরা ওসিকে জানিয়েছিলেন। ওসি বলেছিলেন, কাউকে ধরলে শিশুদের জীবিত পাওয়া যাবে না। এখন কাউকে ধরাও যাবে না। আবদাল মিয়া অভিযোগ করেন, শুরু থেকে পুলিশ তৎপর হলে হয়তো শিশুগুলোকে বাঁচানো যেত। মামলার এক দিন পরই ১৭ ফেব্রুয়ারি ওই শিশুদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের এ ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পাশাপাশি শিশুদের পরিবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে অভিযোগ করে।