দায়ী ৭ কর্মকর্তাকেই সরানো হলো এনসিটিবি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবইয়ে ভুলের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দায়ী সাত কর্মকর্তাকেই সংস্থাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনকে গতকাল বুধবার ঢাকার বাইরে বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার একজনকে ঢাকার একটি কলেজে এবং এর আগে অন্য দুজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তাঁরা সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয় গতকাল যে চার কর্মকর্তাকে এনসিটিবি থেকে সরিয়ে দিয়েছে, তাঁদের মধ্যে সংস্থাটির সদস্য (প্রাথমিক) অধ্যাপক মো. আবদুল মান্নানকে ঝিনাইদহের সরকারি কে সি কলেজে, এনসিটিবির সম্পাদক (সহযোগী অধ্যাপক—বাংলা) গৌরাঙ্গ লাল সরকারকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, বিশেষজ্ঞ (সহযোগী অধ্যাপক—ইতিহাস) মোসলে উদ্দিন সরকারকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে এবং বিশেষজ্ঞ (সহযোগী অধ্যাপক—বাংলা) মো. হাননান মিঞাকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁদের সবাইকে আজ বৃহস্পতিবারের মধ্যে বর্তমান কর্মস্থল এনসিটিবি থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আজ থেকেই তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। এটিকে বলা হয় ‘স্ট্যান্ড রিলিজ’।
এই চারজনসহ সাতজনকে ভুলের জন্য দায়ী করেছিল সরকারের করা তদন্ত কমিটি। অন্য তিনজনের মধ্যে এনসিটিবির গবেষণা কর্মকর্তা (প্রভাষক—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) রেবেকা সুলতানাকে গত মঙ্গলবার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি করা হয়। এ ছাড়া সংস্থাটির প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে ওএসডি করা হয়।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার প্রথম আলোকে বলেছিলেন, দায়ী ব্যক্তিদের কারও কারও বিরুদ্ধে নোটিশ দিয়ে আইনানুগ ব্যবস্থাও (বিভাগীয় মামলা) নেওয়া হবে।
চলতি শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তির পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। এই কমিটি শুধু ভুলের বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়।
এদিকে এনসিটিবির সচিব ইমরুল হাসানকে গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে। তাঁকেও বদলির সুপারিশ করেছিল তদন্ত কমিটি। তবে তাঁকে পাঠ্যবইয়ে ভুলের জন্য নয়, অন্য অভিযোগে বদলি করতে বলেছিল কমিটি। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নিজামুল করিমকে।