দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার পাবনা শহর ও সাঁথিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। পাবনা জেলা শহরের আবদুল হামিদ সড়কে জেলার বিভিন্ন সংগঠন ও সরকারি এডওয়ার্ড কলেজ কর্মসূচি পালন করে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনায় মাসুদ রানা ওরফে চাঁদ (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
নারী নির্যাতন নেটওয়ার্ক পাবনা জেলা ইউনিটের কর্মীরা বেলা ১১টার দিকে প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করে। এরপর একে একে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখা ও জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা-কর্মীরা মানববন্ধনে যোগ দেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে ধর্ষণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়। মানববন্ধন শেষে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা আবদুল হামিদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর পুলিশ এসে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
সাঁথিয়ায় মানববন্ধন শেষে সাঁথিয়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল কুমারের সভাপতিত্বে পথসভা হয়। এতে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংসদ শামসুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, ইউএনও শফিকুল ইসলাম, সাঁথিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্পাদক আশরাফুল আলম, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ। কর্মসূচি শেষে ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এদিকে মঙ্গলবার রাতে পুলিশ ধর্ষণে জড়িত থাকার অভিযোগে উপজেলার পুকুরিয়া গ্রামের মাসুদ রানাকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে পুকুরিয়া গ্রামের ফরিদ ও হাফিজুলের নাম উল্লেখসহ চারজনকে আসামি করে সোমবার সাঁথিয়া থানায় মামলা করা হয়।
বেড়া-সাঁথিয়া সার্কেলের এএসপি জাকির হোসাইন বলেন, আসামিদের খোঁজে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে।
রোববার রাতে উপজেলায় একটি কলেজের বিএ (সম্মান) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।