দায়ের কোপে নারীর মৃত্যু, সৎ ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে দায়ের কোপে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাঁর সৎ ছেলেকে আটক করে পুলিশ দেয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার কারাগারে পাঠিয়েছে।

ওই নারীর নাম হালেমা খাতুন (৬০)। তিনি কিল্লাতাজপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী। তাঁর গ্রেপ্তার হওয়া ছেলের নাম এনায়েত হোসেন (২৫)।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সৈয়দ আলীর দুই স্ত্রী। পৈতৃক জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে প্রথম পক্ষের ছেলে এনায়েত হোসেন তাঁর বাবা সৈয়দ আলীকে দা দিয়ে কোপাতে উদ্যত হন। এনায়েত বাবা সৈয়দ আলীকে বাড়ির ভেতরে খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় এনায়েত তাঁর সৎ মা হালেমাকে সামনে পেয়ে দা দিয়ে আঘাত করেন। পরে এনায়েত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে আটক করে পুলিশে দেয়। হালেমাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, এ ঘটনায় নিহত নারীর ছেলে মো. শামীম মামলা করেছেন। এনায়েতকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।