দিঘি ভরাট করে খাদ্যগুদাম!

বরিশাল নগরের প্রায় তিন একরের একটি দিঘি ভরাট করে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দিঘির অনেকাংশের পানি অপসারণ করা হয়েছে। চলছে প্রাচীর নির্মাণের কাজ। খাদ্য অধিদপ্তর বলছে, ওটা দিঘি নয়, জলাশয় বা নিচু জমি।
সরেজমিনে দেখা গেছে, নগরের ত্রিশ গোডাউন-সংলগ্ন বধ্যভূমি এবং রিজার্ভ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ব্যারাকের পাশে থাকা দিঘির চার পাড়ে পিলার (স্তম্ভ) স্থাপনের কাজ চলছে। দিঘির পাশেই আছে স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধার কবর। দিঘির পানি সেচ দিয়ে অনেকটা শুকিয়ে ফেলা হয়েছে। চলছে কীর্তনখোলা নদী থেকে পাইপ বসানোর কাজ। পিলার স্থাপনে নিয়োজিত শ্রমিক জামিলুর রহমান বলেন, কোম্পানি কাজ করাচ্ছে। প্রাচীর নির্মাণের পর এখানে গুদাম হবে। আরেক শ্রমিক উজ্জ্বল বলেন, পুকুরের পানি সেচ দেওয়া হয়েছে। পাইপ দিয়ে বালু ফেলে এটি ভরাট করা হবে।
চাইলেই পুকুর, খাল, জলাশয় ভরাট করা যায় না জানিয়ে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, ‘জাতীয় অপরিহার্য স্বার্থ থাকলে সে ক্ষেত্রে সরকারের কাছ থেকে আগে অনুমতি নিতে হয়। ওই দিঘি ভরাটের জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। আমরা সেটা পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পাঠিয়ে দিয়েছি। মহাপরিচালক বলেছেন, এ ক্ষেত্রে আগে সরকারের অনুমতি নিতে হবে।’
: ৩ একরের দিঘিটি বরিশাল নগরের ত্রিশ গোডাউন এলাকায় : বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটির তদারক করছে খাদ্য মন্ত্রণালয়

বরিশাল আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে এবং খাদ্য মন্ত্রণালয়ের তদারকিতে প্রকল্পের অধীনে বরিশালে চাল সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কত টাকার প্রকল্প, তা আমার জানা নেই। ৫০ হাজার মেট্রিক টন চাল এখানে রাখা হবে। আমাদের দেখভাল করা ছাড়া আর কোনো দায়িত্ব নেই।’
তবে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একজন বলেন, বরিশালে প্রকল্প দেখাশোনার দায়িত্বে আছেন আঞ্চলিক খাদ্য কর্মকর্তা। তাঁর নির্দেশনার বাইরে কিছু করা যাবে না।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন সৈয়দ দুলাল প্রথম আলোকে বলেন, খাদ্যগুদাম করার দরকার থাকলে ত্রিশ গোডাউনের গুদামগুলো ফাঁকা পড়ে আছে, সেখানে করা হোক। বৃহৎ জলাশয় ভরাট করে এবং বধ্যভূমি এলাকার সৌন্দর্য নষ্ট করা হলে বরিশালবাসী আন্দোলনে নামবে।
প্রকল্প পরামর্শক মো. মোতালেব হোসেন বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে এবং মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্ট নামে বরিশালে চাল সংরক্ষণাগার নির্মাণ করা হবে। ইতিমধ্যে প্রাথমিক কাজের অংশ হিসেবে তিন কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। ১২ একর জায়গার মধ্যে ওই প্রকল্প বাস্তবায়ন করার কথা। দুই একর জমি বধ্যভূমি এলাকার আওতায়। বর্তমানে পুকুরসহ ১০ একর জায়গার উন্নয়ন করা হবে। আট একর পুকুর ভরাট, দুই একর নিচু জমি ভরাট, প্রাচীর নির্মাণ ও প্রকল্প কার্যালয় নির্মাণ করা হবে। ওই প্রকল্পের মধ্যে পাশাপাশি ১৬টি গুদাম, প্রশাসনিক ও আবাসিক ভবন থাকবে। ছোট-বড় আরও পাঁচটি ভবন নির্মাণ করা হবে। বরিশাল নগর সৌন্দর্য রক্ষা এবং খাল-নদী-জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, সরকার একদিকে ঘোষণা করেছে, জলাশয়, পুকুর, খাল ভরাট করা যাবে না। অন্যদিকে নগরের অন্যতম সৌন্দর্য নষ্ট করে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র এ কে এম শহীদুল্লাহ বলেন, জায়গাটি দর্শনীয় স্থান হিসেবেই পরিচিত। কিন্তু সরকার গুদাম নির্মাণের পরিকল্পনা করেছে। সেখানে বাধা দিয়ে কী হবে!