দিঘিতে মিলল ১০০ গুলি
প্রতিদিনের মতো দিঘিতে গোসল করতে নামে একদল শিশু-কিশোর। গোসল শেষে পাড়ে ওঠার সময় একজনের পায়ে কী যেন আটকায়। কৌতূহলবশত হাতে ধরে দেখে পলিথিন মোড়ানো ছোট ছোট লোহার টুকরোর মতো দেখতে। তিন কিশোর মিলে ওই পলিথিন থেকে কিছু টুকরো দিঘির পাড়ে তোলে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হয়। আশপাশে ছিলেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি দল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁরা দেখেন পলিথিনভর্তি লোহার টুকরো নয়। এগুলো পিস্তলের গুলি। পয়েন্ট টু বোর পিস্তলের ১০০টি গুলি। আজ বুধবার দুপুরে নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার রানীর দিঘির পূর্ব পাড়ে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ খান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল এনায়েত বাজার এলাকায় অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিতে অবস্থান করছিলেন। এ সময় রানীর দিঘি এলাকা থেকে খবর আসে, দিঘিতে গুলির মতো কী যেন পাওয়া গেছে। পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, এগুলো পয়েন্ট টু বোর পিস্তলের গুলি। দিঘির পূর্ব পাড় থেকে প্রায় এক ফুট দূরে পানির ভেতর থেকে পলিথিন ভর্তি গুলিগুলো উদ্ধার করে পুলিশ। পানির নিচে কংক্রিটের স্তূপ ছিল। এগুলোর ভেতর পলিথিন মুড়িয়ে গুলিগুলো রাখা হয়েছিল। পরে গণনা করে দেখা যায় ১০০টি গুলি। এগুলোর বেশির ভাগই তাজা। পরে এগুলো নগরের লালদীঘি এলাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।
রানীর দিঘিতে গোসল করতে নামা এক কিশোর প্রথম আলোকে জানায়, গোসল করে ওঠার সময় তার ডান পায়ে শক্ত কী যেন আটকায়। হাত দিয়ে ধরে দেখে লোহার মতো শক্ত কী জিনিস। কয়েকটি তুলে পাড়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে পুলিশ আসে। তখনই সে জানতে পারে এগুলো গুলি। পরে পুলিশ পলিথিন ভর্তি গুলিগুলো উদ্ধার করে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ বলেন, এ ঘটনায় ডিবিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গুলির উৎস এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে গুলিগুলো কে বা কারা দিঘির পাড়-সংলগ্ন পানিতে ফেলে রাখে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর সলিম উল্লাহ জানান, রানীর দিঘির চার পাড়ে চলাচলের রাস্তা রয়েছে। আশপাশে বসতি। ১০০টি গুলি কীভাবে পানির ভেতর এল, তা বের করা উচিত।