দিনদুপুরে গরু চুরি করে হাটে বিক্রি
জয়পুরহাটের আক্কেলপুরে মাঠ থেকে একটি গরু চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বুলবুল আহাম্মেদ (৩৫)। তিনি উপজেলার চিয়ারী গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার তেমারিয়া গ্রামের আবদুল হামিদ মণ্ডল তাঁর একটি গরু রামশালা বিলের মাঠে ঘাস খেতে ছেড়ে দেন। দুপুরের দিকে তিনি মাঠে গিয়ে গরুটি পাননি। এ ঘটনার পর থেকেই পাশের বাড়ির বাসিন্দা বুলবুল আহাম্মেদ তাঁর বাড়িতে ছিলেন না। এতে হামিদের সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। বুলবুল বাড়িতে ফিরলে পুলিশ শুক্রবার রাতেই তাঁকে আটক করেন।
হাজতে থাকা বুলবুল আহাম্মেদ বলেন, তাঁর কাছে কোনো টাকাপয়সা ছিল না। তাই মাঠ থেকে গরুটি নিয়ে হাটে বিক্রি করেছেন। গরুটি ১৩ হাজার টাকা বিক্রি করা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, চুরি যাওয়া গরুর ক্রেতাকে শনাক্ত করে তা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় লবুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।