দিনদুপুরে ডাকাতি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ বাজার এলাকায় দিনদুপুরে এক প্রবাসীর বাসা থেকে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিরা জানান, তিন যুবক বাড়ি ভাড়ার খোঁজে সিরাজগঞ্জ বাজারের জাফর ম্যানশনের সামনের মহিউদ্দীন ভবনের ভাড়াটিয়া সৌদিপ্রবাসী এনায়েত উল্লাহর বাসায় দরজার কড়া নাড়া দেন। এ সময় এনায়েতের স্ত্রী বের হলে ওই যুবকেরা ভাড়া বিষয়ে জানতে কৌশলে ঘরে ঢোকে। ঘরের ভেতরে ঢুকতেই অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ চার হাজার টাকা লুট করে চলে যায়।
জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী জানান, দিনদুপুরে মুখোশ না লাগিয়ে এ ধরনের লুটের ঘটনা এই প্রথম। তাঁর সন্দেহ, স্থানীয় একটি চক্র এ ঘটনায় জড়িত থাকতে পারে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।