দিনদুপুরে বাসায় ডাকাতি, গণপিটুনিতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তিনটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে মো. বাবুল (৪২) ও সাদেক হোসেন (২৫) নামের দুজন আহত হন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল গতকাল গুলবাগ আবাসিক এলাকার একটি ছয়তলা ভবনে হানা দেয়। তারা নিরাপত্তাপ্রহরীকে দিয়ে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের দরজা খোলায়। এরপর ডাকাতেরা ওই বাসায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও মুঠোফোন লুটে নেয়। পরে ডাকাতেরা পাশের আরেকটি বাসায় ঢোকে। একই কায়দায় তারা আরও একটি বাসায় ঢুকে পড়ে। ওই সময় বাসা তিনটিতে কোনা পুরুষ সদস্য ছিলেন না। ডাকাতি করে চলে যাওয়ার সময় বাসার ভেতর থেকে এক নারী জানালার পাশে এসে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা বাসার সামনে থেকে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেন। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে ডাকাতি করা মুঠোফোন, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। ডাকাতেরা তিনটি ফ্ল্যাট থেকে ৪ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে।
ওসি বলেন, আহত দুজনের কাছ থেকে ডাকাতিতে অংশ নেওয়া অন্যদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে। তাদের গ্রেপ্তার করা গেলে ডাকাতি হওয়া টাকা ও পণ্য উদ্ধার করা যাবে। তিনি বলেন, ঘটনার পর থেকে বাসার প্রহরীকে পাওয়া যাচ্ছে না। তাঁর সঙ্গে ডাকাতদের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা বোঝা যাচ্ছে না।
ভবনের মালিক মাহাবুবুল আলম বলেন, ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।