দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুর রাজ্জাক (২৮) নামের এক ব্যবসায়ীকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সখীপুর পৌরসভার ফোয়ারা চত্বরে ‘ফাহিম সুপার মার্কেটের’ দোতলায় এ ঘটনা ঘটে। পুলিশ খুনের সঙ্গে জড়িত সন্দেহে ‘নাঈম ফ্যাশনের’ দোকানদার নাসির উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে।
রাজ্জাক উপজেলার পাথারপুর গ্রামের প্রবাসী শামসুল হকের একমাত্র ছেলে। তিনি বর্তমানে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদামের পাশে বাসা করে মাইক্রোবাস ও প্রাইভেট কার কেনাবেচার ব্যবসা করতেন।
ব্যবসায়ীকে হত্যার খবর ছড়িয়ে পড়লে মাইক্রোবাসের শ্রমিক ও রাজ্জাকের স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে খুনির দোকান এবং বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে হামলাকারীরা সখীপুর-ঢাকা সড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। মিছিলকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ওই সময় সখীপুর বাজারের সব ধরনের দোকানপাট বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা সখীপুর-ঢাকা ও সখীপুর-টাঙ্গাইল সড়ক অবরুদ্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ঈদের কাপড় কেনার জন্য আবদুর রাজ্জাক ফাহিম সুপার মার্কেটের দোতলায় নাঈম ফ্যাশন নামে একটি দোকানে এলে দোকানদার নাসিরের সঙ্গে দরদাম নিয়ে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর নাসিরের ফুফাতো ভাই ফাহিম সুপার মার্কেটের মালিক আশরাফ পাহাড়ির ছেলে রুবেল তাঁর দলবল নিয়ে ‘ফ্যাশনপুরী গার্মেন্টস’-এর সামনে পেয়ে রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় ওই মার্কেটের ব্যবসায়ীরা তাঁকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে সঙ্গে সঙ্গে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুর রাজ্জাকের মৃত্যু হয়।
বিকেল সাড়ে চারটার দিকে রাজ্জাকের মৃত্যুর খবর স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে মাইক্রোবাস শ্রমিকসংগঠনের বিক্ষুব্ধ শ্রমিক ও স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে ফাহিম সুপার মার্কেটে হামলা করেন। একটি অংশ খুনির বাড়িতে গিয়েও হামলা ও ভাঙচুর করে।
পরে বিক্ষুব্ধ ব্যক্তিরা সখীপুর-ঢাকা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
এ ঘটনায় রাত সাড়ে আটটার দিকে নিহত রাজ্জাকের মা রাজিয়া বাদী হয়ে রুবেলকে প্রধান আসামি করে সখীপুর থানায় খুনের মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন।
সখীপুর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।