দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট উত্তর বাজারে সন্ত্রাসীর গুলিতে নিজাম উদ্দিন (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর একটার দিতে তিনি মারা যান।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেল সাড়ে চারটার দিকে সেবারহাট বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। নিজামের লাশ নিয়ে তাঁরা ফেনী-নোয়াখালী মহাসড়কের ওপর বিক্ষোভ করেন। এতে এক ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, নিজাম উদ্দিন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। সেবারহাট উত্তর বাজারের প্রিয়া মেটাল ওয়ার্কস নামে তাঁর একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে।
পুলিশ ও নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, নিজাম উদ্দিনের সঙ্গে ফেনীর দাগনভূঞা উপজেলার সেকান্তরপুর গ্রামের আনোয়ার ও সোহেল নামের দুই ব্যক্তির আর্থিক লেনদেন ছিল। আজ সকালে দুটি মোটরসাইকেলে করে আনোয়ার ও সোহেল ভাড়াটে সন্ত্রাসী আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে এসে নিজাম উদ্দিনের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে নিজামের সঙ্গে আনোয়ার-সোহেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলাউদ্দিন নিজামের বুক লক্ষ্য করে গুলি করেন। এ সময় আশপাশের লোকজন তাঁদের ধাওয়া করলে তাঁরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অপর মোটরসাইকেলটি উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সন্ত্রাসীর গুলিতে ব্যবসায়ী নিজাম আহত হওয়ার পর প্রথমে তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা নিজামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে দুপুর একটার দিকে কুমিল্লায় নিজাম মারা যান।
ওসি মোস্তফা কামাল আরও বলেন, ফেনীর দাগনভূঞা এলাকার আলাউদ্দিন নামের এক সন্ত্রাসী ও তাঁর সহযোগীরা হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।