দিনদুপুরে সাংসদের বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা আক্তার বানুর মেহেরপুরের বাড়িতে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের হালদারপাড়ায় সাংসদের বাড়ির কলাপসিবল গেট ভেঙে দুর্বৃত্তরা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে দেখা যায়, শহরের ঘনবসতি এলাকায় সাংসদের বাড়িটি অবস্থিত। পাশেই প্রধান সড়ক। সাংসদের স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কবির উদ্দিন জানান, বাড়িতে তাঁরা স্বামী-স্ত্রী ছাড়া কেউ থাকেন না। সংসদ অধিবেশনে যোগ দিতে স্ত্রী ঢাকায় গেছেন। গতকাল সকাল নয়টার দিকে তিনি নাশতা করার জন্য বাড়ির কলাপসিবল গেটে তালা দিয়ে বাইরে যান। নাশতা খেয়ে শহরের এক আত্মীয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে কিছুক্ষণ গল্প করেন। সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে ঢুকতে গিয়ে কলাপসিবল খোলা দেখেন। এ সময় গেটের আংটা ভাঙা ছিল এবং তালা মাটিতে পড়ে ছিল। পরে পুলিশের উপস্থিতিতে ঘরে ঢুকে সবকিছু লন্ডভন্ড অবস্থায় পাওয়া যায়। চোরেরা ঘরের স্টিলের আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান তিনি।
সেলিনা আক্তার বানু জানান, তিনি ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে রওনা হয়েছেন। চোরদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া সোনা উদ্ধারের জন্য তিনি পুলিশকে অনুরোধ করেছেন বলে জানান।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজবাহার শেখ, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন, সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, আলমারি ভেঙে সোনা চুরি হলেও পাশেই কাগজে মোড়ানো অবস্থায় পড়ে ছিল দুই লাখ টাকা, যা চুরি হয়নি। তবে আর কিছু চুরি হয়েছে কি না, তা সাংসদ আসার পর জানা যাবে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। চোরদের গ্রেপ্তার করতে শহরে অভিযান শুরু হয়েছে।