চট্টগ্রামে দিনদুপুরে দোকান কর্মচারীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক। ঘটনাস্থল থেকে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের দূরত্ব ১০০ গজ।
ছিনতাইয়ের শিকার মো. সোহেল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নগরের খাতুনগঞ্জের আইএফআইসি ব্যাংকের শাখা থেকে ১০ লাখ টাকা তোলেন তিনি। তখন তাঁর সঙ্গে ছিলেন রেয়াজউদ্দিন বাজারের একটি কসমেটিকস দোকানের কর্মচারী নুর উদ্দিন। খাতুনগঞ্জ থেকে রিকশায় করে তাঁরা দুজন রেয়াজউদ্দিন বাজার যাওয়ার পথে বেলা পৌনে দুইটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে তাঁদের রিকশার গতিরোধ করে একটি অটোরিকশা। এতে চারজন ছিনতাইকারী ছিল। তারা অস্ত্রের মুখে তাঁর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে কোতোয়ালি মোড়ের দিকে চলে যায়।
ঘটনাটি রহস্যজনক দাবি করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, আশপাশের কেউ ছিনতাইয়ের বিষয়টি দেখেনি। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় কেউ মামলা করেনি।