কার এলাকায় পড়েছে, তা নিয়ে চট্টগ্রামের তিন থানার পুলিশের ঠেলাঠেলি। এ কারণে গতকাল শুক্রবার দিনভর রেললাইনের অদূরে পড়ে থাকে মোস্তফা কামাল পারভেজ নামের এক রিকশাচালকের লাশ। মোস্তফার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খাজুরিয়া গ্রামে। আশঙ্কা করা হচ্ছে, তিনি খুন হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রিকশাচালক মোস্তফা (২৩) খুলশী রেলওয়ে কলোনিতে একটি ভাড়া বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। গতকাল সকাল ১০টার দিকে নগরের খুলশী ও ডবলমুরিং থানার সীমান্তবর্তী আমবাগান ঝর্ণাপাড়া এলাকায় রেললাইনের অদূরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। কিন্তু লাশটি রেলওয়ে থানা, ডবলমুরিং থানা নাকি খুলশী থানার আওতাভুক্ত এলাকায় পড়ে ছিল—এ নিয়ে দিনভর ঠেলাঠেলি চলে। বিকেলে এলাকাবাসী নগরের খুলশী রেলওয়ে কলোনিতে পারভেজের ভাড়া বাসায় লাশ আনে। পরে রাত আটটার দিকে ডবলমুরিং থানার পক্ষ থেকে তাঁর লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাত নয়টার দিকে মর্গে গিয়ে মোস্তফার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘লাশটি ডবলমুরিং থানার সীমান্তে পড়ে ছিল। আমাদের কিছুই করার ছিল না।’
একই মন্তব্য করে রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ বলেন, লাশটি রেললাইন থেকে প্রায় ১৭ ফুট দূরে পড়ে ছিল। তা ছাড়া ট্রেনেও কাটা পড়েনি। কাটা পড়লে এবং রেললাইন থেকে ১০ ফুটের মধ্যে হলে রেলওয়ে থানার পক্ষ থেকে সেটি গ্রহণ করা হতো। মোস্তফার মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে খুন করা হয়েছে।
জানতে চাইলে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) উত্তম চন্দ্র দেব বলেন, মোস্তফার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েও এমনটি হয়ে থাকতে পারে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে দিনভর লাশটি পড়ে থাকার বিষয়ে একই থানার ওসি নুরুল আলম তালুকদার বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়েছি। এ ছাড়া কোন থানার অধীনে তা পড়ে ছিল, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হয়।’
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত রাতে বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।