দিনভর বিস্ফোরণ-গুলি, উৎকণ্ঠা

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে আজ রোববার তৃতীয় দিনের মতো অভিযান চলছে। সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। এর মধ্যে অন্তত চারটি বিস্ফোরণ ছিল খুবই শক্তিশালী। এ অবস্থায় আতঙ্ক-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা।
গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পাড়াইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও দলবদ্ধভাবে চলাফেরা না করার আদেশ জারি করা হয়। এরই ধারাবাহিকতায় দিনের শুরুতে আতিয়া মহলের চারদিকে প্রায় এক কিলোমিটার এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। চালানো হয় জঙ্গিবিরোধী নিবিড় তল্লাশি। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দুটি স্থানে পৃথক বোমা হামলার ঘটনার পর থেকে সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫৭ মিনিট, সকাল ১০টা ৭ মিনিট, বেলা ১১টা ৪৩ মিনিট ও বেলা ২টা ৪১ মিনিটে শক্তিশালী চারটি বোমার বিস্ফোরণ হয় আতিয়া মহল ও আশপাশে; এর মধ্যে তৃতীয় ও চতুর্থ বিস্ফোরণ ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণের পর গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১১টা ৪৩ মিনিটের বিস্ফোরণের পর ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় থাকা পুলিশের এক সদস্য বলেন, বিস্ফোরণের পর আতিয়া মহলের পলেস্তারা খসে পড়েছে। দেখে মনে হচ্ছে ভবনটি কিছুটা হেলে পড়েছে। বেলা ৩টা ১৫ মিনিটের দিকে বেশ কটি গুলির শব্দ শোনা যায়।
সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া গতকালের হামলায় হতাহত ব্যক্তিদের দেখতে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, অভিযানস্থলের নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল না। যে যার মতো চেষ্টা করে গেছে।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন বলে দুপুরে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। তিনি বলেন, আহত অবস্থায় ৫০ জনকে হাসপাতালে আনা হয়েছিল। ছয়জন মৃত। আর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের ছুটি বাতিল করে কর্মস্থলে রাখা হয়েছে। গতকাল রাতে পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ একসঙ্গে ১০টি অস্ত্রোপচার কক্ষে চিকিৎসাসেবার কাজ চালায়।
সিলেট রেলস্টেশনের একটি চায়ের দোকানে চা খেতে খেতে কথা বলছিলেন মমিনখলার বাসিন্দা সমুজ মিয়া। তিনি বলেন, ‘কালুক ই-টাইমও (কাল এ সময়ও) মনে অইছিল রেল চলারও জায়গা পায়রও না। আজকু একই টাইমও সকাল থাকি ফকফকা। কোনো মানুষ নাই! সকল (সবাই) ঢরের (ভয়ের) মাঝে আছে। আমি নিজেও আজকু বাইর অইছি না।’ এই রেলস্টেশন লাগোয়া এলাকা মমিনখলা। রেলস্টেশন থেকে রেললাইন ধরে প্রায় এক কিলোমিটার হাঁটলে পৌঁছানো যায় শিববাড়ি-পাঠানপাড়া। রেললাইনের পূর্ব দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক। তারপর জঙ্গি আস্তানার সেই বাড়ি আতিয়া মহল। বেলা দেড়টার দিকে তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, তিনি পেশায় একজন কৃষিজীবী। কিন্তু গত শুক্রবার থেকে কোনো কাজে যাননি। দৃষ্টি ছিল আতিয়া মহলের দিকে। শুধু সমুজ নন, নারী-পুরুষ এমনকি শিশুদের আগ্রহ আতিয়া মহলে কী হচ্ছে। নিরাপত্তাবেষ্টিত এলাকায় বোমা হামলায় হতাহতের খবরে উৎকণ্ঠাও ছড়িয়ে পড়ে। আজকেও সকাল থেকে জঙ্গি আস্তানার আশপাশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ও প্রচণ্ড গোলাগুলির শব্দে আতঙ্ক আরও বেড়ে যায়।
জঙ্গি আস্তানার ঠিক পেছনেই পৈত্যপাড়া এলাকা। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার এক বাসিন্দা বলেন, মানুষ এমনিতেই চরম উদ্বেগ আর ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে; গতকাল সন্ধ্যায় বোমা বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনার পর আতঙ্ক আরও বেড়েছে। এর মধ্যে গতকাল থেকে গ্যাস বিচ্ছিন্ন থাকায় স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।
শিববাড়ি এলাকার চাকরিজীবী সনজিৎ চক্রবর্তী বলেন, ‘তিন দিন ধরে আতঙ্ক নিয়ে ঘরে অনেকটা স্বেচ্ছা অবরুদ্ধ হয়ে জীবন যাপন করছি। ঠিক জানি না, কখন এই আতঙ্কের অবসান হবে। মনে হচ্ছে, এই বুঝি আমাদের বাসার মধ্যেও গ্রেনেডের স্প্লিন্টার এসে উড়ে পড়ছে!’
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। জঙ্গিবিরোধী এই অভিযানের মধ্যে গতকাল শনিবার সন্ধ্যার দিকে আতিয়া মহলের প্রায় দেড় শ গজ দূরে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনাবাহিনী। এই সম্মেলন শেষ হতে না-হতেই আতিয়া মহল থেকে প্রায় আড়াই শ গজ দূরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এর ৪০-৪৫ মিনিট পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিস্ফোরণস্থলটি ছিল প্রথম বিস্ফোরণস্থল থেকে শ খানেক গজ দূরে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ চালানো অপারেশন টোয়াইলাইটে দুই জঙ্গি নিহত হয়েছে এবং ভেতরে আরও জঙ্গি জীবিত আছে বলে আজ বিকেলে পাঠানবাড়ি মসজিদের কাছে সংবাদ ব্রিফিংয়ে জানান অভিযানে থাকা সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তিনি বলেন, এ ছাড়া সেখানে প্রচুর বিস্ফোরক আছে। এ কারণে অভিযান চলবে।