দিনমজুরকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক
যশোরের মনিরামপুর উপজেলায় এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর নাম আকবার আলী (৫৫)।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কৃষ্ণবাটি গ্রামের নিজ বাড়িতে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত আকবর আলীর স্ত্রী হালিমা বেগমকে থানায় এনেছে।
নিহত আকবার আলী যশোর সদর উপজেলার ডহরসিঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে। তিনি প্রায় ১৪ বছর ধরে মনিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খেদাপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আইনুদ্দীন বলেন, ‘খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে যাই। সে সময় আকবার আলীর স্ত্রী হালিমা জানান, শুক্রবার রাত নয়টার সময় তিনি পাশের এক বাড়িতে টেলিভিশন দেখতে যান। আকবার আলী তখন তাঁকে সেই বাড়ি থেকে বাড়িতে ডেকে আনেন। পরে তাঁরা একই খাটে ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে হঠাৎ তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় তিনি (হালিমা) দেখতে পান তাঁর স্বামী খুন হয়েছেন।’
আকবার আলীর ভাই আজগার আলী বলেন, ‘আমার ভাই এভাবে খুন হতে পারেন না। আমি এর বিচার চাই।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নিজের ঘরে আকবার আলীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। তাঁর স্ত্রী এ সময় কোনো চিৎকার করেননি। বিষয়টি সন্দেহ হওয়ায় তাঁর স্ত্রী হালিমা বেগমকে জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।’