দিনমজুরকে চোর সন্দেহে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর সন্দেহে দিনাজপুরের পার্বতীপুরের মণ্ডলপাড়ার এক দিনমজুরকে পিটিয়ে ও পেরেকের আঘাতে জখম করা হয়েছে। গত শনিবার এ ঘটনা ঘটে। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর অবস্থায় মজিবর রহমান (৪০) নামের ওই দিনমজুরকে গত রোববার রাতে থানার সামনে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ করে এলাকাবাসী। তারা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুর রায়হানের ‘আস্তানা’ ভেঙে দেয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পার্বতীপুর শহরের হাসু কনফেকশনারি থেকে ২৬ জুন ১৮ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় ওই দোকানের মালিক হবিবুর রহমান থানায় অভিযোগ দায়ের করেন। এতে দিনমজুর মজিবর রহমানকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।
নির্যাতনের শিকার মজিবরের স্ত্রী তহুরা বেগমের অভিযোগ, ৭ জুলাই একটি মাইক্রোবাসে করে কয়েকজন লোক পুলিশ পরিচয়ে তাঁদের বাড়িতে আসে। ওই মাইক্রোবাসে শফিকুর রায়হানও ছিলেন। তিনি সে সময় তাঁকে (তহুরা) হুমকি দিয়ে তাঁর স্বামী মজিবরকে আস্তানায় পাঠাতে বলেন। এরপর থেকে মজিবর পালিয়ে বেড়াচ্ছিলেন। শনিবার রাতে মজিবরকে শহরের টার্মিনাল এলাকা থেকে শফিকুর তুলে নিয়ে যান। এরপর শহরের সুন্দরীপাড়ায় তাঁর (শফিকুর) আস্তানায় নিয়ে নির্যাতন করা হয়। এ সময় মজিবরকে লাঠি দিয়ে পেটানো হয় এবং তাঁর হাতে-পায়ে লোহার পেরেক দিয়ে আঘাত করা হয়। রোববার তাঁকে থানার সামনে ফেলে রেখে যাওয়া হয়। পরে পুলিশ মজিবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হারুণ আর রশিদ বলেন, মজিবরের হাতে-পায়ে পেরেকের আঘাতের চিহ্ন আছে। শরীরের অন্যান্য অংশেও জখম হয়েছে। এদিকে ঘটনার পর থেকে শফিকুর এলাকায় নেই।
এ ঘটনায় গতকাল এলাকাবাসী শহরে বিক্ষোভ করে। পরে সবাই শফিকুরের ‘আস্তানা’ লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা বলেন, শফিকুরের নির্যাতনে তাঁরা সবাই অতিষ্ঠ। তিনি শফিকুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম জানান, শফিকুর রায়হানের নির্যাতনের বিষয়টি তিনি জানেন। এ ঘটনায় গতকাল রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।