দিনমজুরের লাশ উদ্ধার
ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের এলনা পাথর গ্রামের পাশে মুহুরী নদী থেকে গতকাল মঙ্গলবার এক দিনমজুরের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলনা পাথর গ্রামের আবুল কাশেম ওরফে বকু মিয়া নামের এক ব্যক্তি ২৭ আগস্ট স্থানীয় মনুরহাট থেকে চারজন দিনমজুরকে তাঁর বাড়িতে নিয়ে যান। চার দিনমজুর রবি ও সোমবার ওই বাড়িতে কাজ করেন। সোমবার কাজ শেষে তাঁরা বাড়ির কাছারি ঘরে ঘুমান। গতকাল মঙ্গলবার সকালে আবুল কাশেম দেখেন চার দিনমজুর কাছারি ঘরে নেই। এরপর তিনি তাঁদের খুঁজতে থাকেন। ইতিমধ্যে গ্রামের লোকজন পাশের মুহুরী নদীতে একটি লাশ ভাসতে দেখেন। তিনি সেখানে গিয়ে লাশটি তাঁর বাড়িতে কাজ করা একজন দিনমজুরের বলে শনাক্ত করেন। নিহত দিনমজুরের নাম-ঠিকানা জানাতে পারেননি আবুল কাশেম।
স্থানীয় সূত্র জানায়, ওই চারজন দিনমজুর অন্য জেলা থেকে এসেছেন।
পুলিশ জানায়, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে।
পুলিশ জানায়, আবুল কাশেমের বাড়িতে কাজ করতে যাওয়া বাকি তিন দিনমজুর ঘটনার পর থেকে পলাতক।
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী অজ্ঞাতপরিচয় দিনমজুরের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।