দিনাজপুর ও ফরিদপুর থেকে ৪ জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের আইডি হ্যাক ও বিকাশে (মোবাইল ব্যাংকিং) প্রতারণার অভিযোগে দিনাজপুর ও ফরিদপুর থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে গত সোমবার বরিশাল জেলা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের ক্ষেত্রীপাড়া এলাকার কিশোর কুমার সাহা, একই জেলার গুঞ্জাবাড়ী এলাকার বাপ্পী কুমার সিং ওরফে ডন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার অখিল মণ্ডল ও সুবল মণ্ডল।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ হোসেন বলেন, একটি প্রতারক চক্র তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১০ মে বানারীপাড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসানের ফেসবুক আইডি হ্যাক করে তাঁর ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল। এ পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি প্রতারক চক্রকে শনাক্ত করে। এর সূত্র ধরে কিশোর কুমার সাহা ও বাপ্পী কুমার সিংকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন, সিম ও যেসব ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে, সেগুলোর পরিবর্তিত পাসওয়ার্ড লেখা কাগজপত্র জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গত বছরের ২৫ মার্চ বাকেরগঞ্জ উপজেলার আমিরাবাদ গ্রামে এক গৃহবধূর মুঠোফোন নম্বরে বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ফোন করে প্রতারক চক্র তাঁর প্রবাসী স্বামীকে খুন করার হুমকি দেয়। নিজেদের মন্ত্রী ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। ওই বছরই পুলিশ ফরিদপুর থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। কিন্তু পলাতক ছিলেন মামলার প্রধান দুই আসামি। সোমবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে অখিল মণ্ডল ও সুবল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।