দিনাজপুর মেডিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংঘর্ষের পর পুলিশকে সঙ্গে নিয়ে শিক্ষকেরা কলেজের তিনটি ছাত্রাবাসে তল্লাশি চালান। এর মধ্যে দুটি কক্ষ থেকে রাম দা, লাঠি, রড ও জিহাদি বই উদ্ধার হয়েছে। ছবি: প্রথম আলো
সংঘর্ষের পর পুলিশকে সঙ্গে নিয়ে শিক্ষকেরা কলেজের তিনটি ছাত্রাবাসে তল্লাশি চালান। এর মধ্যে দুটি কক্ষ থেকে রাম দা, লাঠি, রড ও জিহাদি বই উদ্ধার হয়েছে। ছবি: প্রথম আলো

দিনাজপুর মেডিকেল কলেজে পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় চার ছাত্রকে আটক করেছে।
ঘটনার পরপরই কলেজের একাডেমিক কাউন্সিল আগামী তিন মাস ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। একই সঙ্গে ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজে ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত। এর একটি ১৩ নভেম্বর মো. মোজাহিদুর হাসানকে সভাপতি ও কৌশিক দেবকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের কমিটি গঠন করে। এর দুই দিন পরে অন্য গ্রুপটি আশফাকুর রহমানকে সভাপতি ও এস এম আসফিকার সামসকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট পাল্টা কমিটি গঠন করে।
মোজাহিদুর তাঁদের কমিটিকে দিনাজপুর জেলা ছাত্রলীগ অনুমোদন দিয়েছে বলে প্রথম আলোর কাছে দাবি করেন। অন্য কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, মোজাহিদুরের নেতৃত্বে যে কমিটির কথা বলা হচ্ছে, তা ভুয়া। তাঁরা (মোজাহিদুর ও তাঁর অনুসারীরা) দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির দুই নেতাকে দুই লাখ ৫০ হাজার টাকা ঘুষ দিয়ে ৬১ সদস্যের একটি কাগুজে কমিটি গঠন করেছেন। 
তাঁরা বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে লেবাস পাল্টিয়ে মোজাহিদুরের নেতৃত্বে ছাত্রশিবির ও ছাত্রদলের একটি অংশ ছাত্রলীগ নাম ধারণ করে মূলত ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের আধিপত্য বিস্তার করতে চায়।
নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর মেডিকেল কলেজের একাধিক শিক্ষক প্রথম আলোর কাছে আশফাকুর রহমানের বক্তব্যকে সঠিক বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র জানান, ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে তিন দিন ধরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আজ সকাল ১০টার সময় ক্যাম্পাসে মোজাহিদ গ্রুপের তৃতীয় বর্ষের ছাত্র হিল্লোল কলেজের একাডেমিক ভবনে ছোরা হাতে নিয়ে আশফাকুর গ্রুপের সদস্যদের শাসান। এ সময় আশফাকুর রহমানের কমিটির সদস্যরা ছোরাসহ হিল্লোলকে পাকড়াও করে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসেন। খবর পেয়ে মোজাহিদুর হাসান ও তাঁর গ্রুপের কয়েকজন হকিস্টিক, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে অধ্যক্ষের কার্যালয়ে আসেন। তাঁরা অধ্যক্ষ ও পুলিশের উপস্থিতিতে আশফাকুর রহমান গ্রুপের নেতা-কর্মীদের ওপর আক্রমণ চালান। এ সময় ইব্রাহিম, আদনান, সৌরভ, রাশেদসহ ৬-৭ জন আহত হন। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর দুপুর ১২টায় অধ্যক্ষের কার্যালয়ে তাঁর সভাপতিত্বে কলেজ একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অধ্যক্ষ মো. কামরুল আহসান সাংবাদিকদের জানান, আগামী তিন মাস ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কলেজ ছাত্রাবাস ও একাডেমিক ভবনগুলোতে তল্লাশির সিদ্ধান্ত হয়েছে। ঘটনা তদন্ত করতে কলেজের নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক বুলন্দ আখতার টগরকে আহ্বায়ক এবং বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও হল সুপার মো. নুরুল ইসলামকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে অধ্যক্ষের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কোতোয়ালি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলতাফ হোসেন জানান, সভা শেষে পুলিশকে সঙ্গে নিয়ে শিক্ষকেরা কলেজের তিনটি ছাত্রাবাসে তল্লাশি চালান। এ সময় পুরাতন ছাত্রাবাসের ২০৬ ও ৪০৫ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ জিহা​দি বই উদ্ধার হয়েছে। ২০৬ নম্বর কক্ষে মোজাহিদুর হাসান ও সোহাগ এবং ৪০৫ নম্বর কক্ষে একই গ্রুপের বাপ্পী থাকেন।
এ ঘটনায় মোজাহিদ গ্রুপের শাহাদাৎ, হিল্লোল, জিসান ও শোয়েবকে আটক করা হয়েছে।