দিনাজপুরে অপহৃত শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর উপশহরে গতকাল শুক্রবার ভোরে মাহফুজা মিমি (৭) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির সৎমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহফুজা মিমি উপশহরের ৭ নম্বর ব্লকের মাহবুবুর আলমের মেয়ে। সে নাজমা ইসলামিক কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, গত রোববার বিকেলে বাড়ির পাশ থেকে মিমিকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর পরদিন মুঠোফোনে মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনায় গত সোমবার মিমির বাবা এলাকার গ্রিল ব্যবসায়ী মাহবুবুর আলম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। গতকাল সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই এলাকার একটি খেলার মাঠের পাশ থেকে মাহফুজার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি খালেকুজ্জামান আরও বলেন, শিশুটিকে যে দিন অপহরণ করা হয়, সেই দিনই গলা টিপে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাহবুবুর আলমের দ্বিতীয় স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।