দিনাজপুরে ইউএনওসহ চারজনকে পেটালেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদে গতকাল বুধবার সরকারদলীয় নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় ইউএনও সৈয়দ ফরহাদ হোসেনসহ চার কর্মকর্তা-কর্মচারীকেও পিটিয়ে আহত করেছেন তাঁরা।
উপজেলার ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত দপ্তরি-কাম-নৈশপ্রহরীর বেতন ছাড়করণের জের ধরে ওই তাণ্ডব চালানো হয় বলে জানা গেছে। ইউএনও ছাড়া আহত অপর ব্যক্তিরা হলেন সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলম ও কৃষি কার্যালয়ের অফিস সহকারী শামীম আখতার।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেন, গতকাল দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েক শ নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে উপজেলা পরিষদের কার্যালয়ে ঢুকে হামলা চালান। তাঁদের পিটুনিতে ইউএনওসহ কয়েকজন আহত হন। আধা ঘণ্টা পর পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। উদ্ধারের পর ইউএনওকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর সামরিক হাসপাতালে পাঠানো হয়। আহত অন্য ব্যক্তিদের একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদে হামলার সময় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইউএনওর কার্যালয় ছাড়াও সেটেলমেন্ট কার্যালয়, কৃষি কার্যালয় ও প্রাথমিক শিক্ষা কার্যালয় ভাঙচুর করেন।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ কবির দাবি করেন, তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তবে ইউএনও কার্যালয়ের অফিস সুপারিনটেনডেন্ট (ওএস) আবদুর রহমান গত রাতে শতাধিক লোককে আসামি করে এ ঘটনায় একটি মামলা করেছেন।
তবে গত রাত আটটার দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কেউ জড়িত নন।
নবাবগঞ্জের দপ্তরি-কাম-নৈশপ্রহরী নিয়োগ নিয়ে প্রথম আলোয় গত বছর ১৭ মার্চ ‘জামায়াত সমর্থকদের নিয়োগ দিচ্ছিলেন আ.লীগের সাংসদ!’ প্রতিবেদন ও পরদিন ‘জামায়াত-বিএনপি টেক্কা মারতে চেয়েছিল! ঘুষের বিনিময়ে চাকরি’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশিত হয়। এ বছর ২ এপ্রিল ‘চার লাখ টাকা চান শিক্ষক, প্রার্থী দিতে চান দেড় লাখ’ শিরোনামে, ৬ আগস্ট ‘৩৯ বিদ্যালয়ে নিয়োগ জালিয়াতি’ এবং ১২ সেপ্টেম্বর ‘২০ লাখ টাকায় দফারফার চেষ্টা’ শিরোনামেও সংবাদ প্রকাশিত হয়।