দিনাজপুরে ইস্কন মন্দিরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ইস্কন মন্দিরে হামলার ঘটনায় শুক্রবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করেছে। তাঁরা হলেন সাখাওয়াত হোসেন ওরফে খোকা মিয়া, এলাকার স্বাস্থ্যকর্মী আবু জাফর মন্ডল (ইকবাল) ও তাঁর তিন ছেলে পোশাকশ্রমিক ফরহাদ মিয়া (২৫), ফুয়াদ মিয়া (২০) ও সিহাব মিয়া (১৮)। এঁদের মধ্যে সাখাওয়াত হোসেন হলেন ইস্কন মন্দিরে হামলার পর জনতার হাতে ধরা পড়া শরিফুল ইসলামের বাবা।
পলাশবাড়ী থানার ওসি মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, মন্দিরে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এই পাঁচজনকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে আবু জাফর মন্ডলের বাড়ি থেকে কিছু জিহাদি বই ও সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধা শহর থেকে ১০ কিলোমিটার দূরে মনোহরপুর গ্রাম। গতকাল শনিবার দুপুরে শরিফুল ইসলামের বাড়ি গিয়ে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে শরিফুল ওরফে ডেনিস সবার ছোট। তাঁর বড় ভাই শাহারুল ইসলাম কৃষিকাজ করেন। মেজো ভাই রানা মিয়া কানাডায় থাকেন। তাঁদের মা-বাবাও ছেলের কাছে কানাডায় ছিলেন। দুই বছর আগে তাঁরা বাড়িতে আসেন। পরিবারের লোকজন জানান, শরিফুল ইসলাম ২০০২ সালে মনোহরপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি বগুড়ায় লেখাপড়া করেন। লেখাপড়া শেষে বাড়িতে ফিরে কখন কোথায় গেছেন, বাড়ির কেউ জানতেন না বলে পরিবারের সদস্যরা দাবি করেন।
শরিফুলের মা ছালেহা বেগম বলেন, ‘আমার ছেলে শরিফুল রাজনীতি করেনি। কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না। ও কেন গ্রেপ্তার হলো জানি না। সে দিনাজপুরে কেন গিয়েছিল, সেটা আমাকে জানায়নি।’