দিনাজপুরে এইচএসসির পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার আগেই খাতা কেড়ে নেওয়ার অভিযোগে বিক্ষোভ ও কেন্দ্রের বিভিন্ন কক্ষ ভাঙচুর করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। তবে কেন্দ্রপ্রধান আনজুমান আখতার পরীক্ষার্থীদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন।
দিনাজপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্র সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে দিনাজপুর সরকারি, দিনাজপুর সংগীত, হলিল্যান্ড ও কমার্শিয়াল কলেজের মোট ৭৭৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ে ৫৭১ জন এবং বাণিজ্য বিভাগে ১৬১ জন তিনটি বিষয়ের পরীক্ষা দেয়।
পরীক্ষার্থীরা অভিযোগ করে, সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে শেষ হয়। কিন্তু নৈর্ব্যক্তিক পরীক্ষা শুরু করা হয় ১৪ মিনিট পর। ওই সময় তাঁদের ৪ মিনিট ক্ষতি হয়েছে। এরপর নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই নৈর্ব্যক্তিক খাতা নিয়ে নেওয়া হয়েছে। ১২টা ৫৫ মিনিটে ঘণ্টা দেওয়ার কথা থাকলেও এর তিন-চার মিনিট আগে ঘণ্টা পড়েছে। পওই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের ২০৬ (ক) ও ২০৬ (খ) নম্বর কক্ষের পরীক্ষার্থীরা বেরিয়ে এসে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা বিভিন্ন কক্ষের বৈদ্যুতিক বাল্ব ও টেবিল-চেয়ার ভাঙচুর করে।
সরকারি মহিলা কলেজের শিক্ষক মোজাম্মেল বিশ্বাস বলেন, পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশের বিজ্ঞান বিভাগের জন্য ৩৫ মিনিট এবং বাণিজ্য বিভাগের জন্য ৪০ মিনিট সময় নির্ধারিত ছিল। পরীক্ষার সৃজনশীল অংশে সবার জন্য ২ ঘণ্টা ১০ মিনিট সময় শেষে খাতা নিয়ে নেওয়া হয়। ১০ মিনিট পর ১২টা ২০ মিনিটে নৈর্ব্যক্তিক পরীক্ষা শুরু হয়। ৩৫ মিনিট পর ১২টা ৫৫ মিনিটে ঘণ্টা বাজলে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের খাতা জমা নিয়ে তাদের হল থেকে থেকে চলে যেতে বলা হয়। এর পাঁচ মিনিট পর বেলা একটার সময় বাণিজ্য বিভাগের খাতা নেওয়া হয়। ওই বিভাগের পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের খাতা নিয়ে নেওয়ার কারণে তারা নির্দিষ্ট সময়ের আগেই খাতা নিয়ে নেওয়া হয়েছে বলে ভুল অভিযোগ করছে।
দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রপ্রধান আনজুমান আখতার জানান, নির্দিষ্ট সময়ে ঘণ্টা দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীদের খাতা নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম করা হয়নি। প্রশ্নপত্র কঠিন হওয়ায় শিক্ষার্থীরা অযৌক্তিকভাবে অতিরিক্ত সময় দাবি করছিল। তাদের কথা মেনে না নেওয়ায় তারা বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে।