দিনাজপুরে গত এক বছরে ২০ জন নারীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা ঘটেছে ৫২টি ও ২৬ জন পাচারের শিকার হয়েছে। অথচ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ২৮টি। দিনাজপুর প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মহিলা পরিষদ দিনাজপুর শাখার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৬ ও বিশ্ব মানবাধিকার দিবস এবং নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস (নভেম্বর-১৬) পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদ সারা দেশে ক্রমবর্ধমান নারী ও কন্যাশিশু নির্যাতনের লোমহর্ষক, বর্বর ও নৃশংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফা বেগম। উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মনোয়ারা সানু, সাবেক সভাপতি আজাদী হাই, আকতার কহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবিনা আখতার, অর্থ সম্পাদক রত্না মিত্র, লিগ্যালএইড সম্পাদক জিন্নুরাইন পারু প্রমুখ।
মহিলা পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি কানিজ রহমান বলেন, গত এক বছরে দিনাজপুরে মহিলা পরিষদের কাছে ৫০টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৩০টি অভিযোগ তদন্ত করা হয়েছে। ২০টি অভিযোগের সালিস করা হয়েছে, মামলা করা হয়েছে দুটি ও তিনটি মামলার নিষ্পত্তি করা হয়েছে।