দিনাজপুরে কথিত পীরসহ দুজন হত্যার কারণ খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ফরহাদ চৌধুরীর দরবার শরিফ। ছবি: প্রথম আলো।
নিহত ফরহাদ চৌধুরীর দরবার শরিফ। ছবি: প্রথম আলো।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ও মুরিদ খুন হওয়ার ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পায়নি পুলিশ। তবে কথিত পীরের কয়েকজন মুরিদ দাবি করেছেন, অপর একজন পীরের সঙ্গে মতবিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। 

গতকাল সোমবার রাতে বোচাগঞ্জের দৌলা গ্রামে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬০) এবং তাঁর মুরিদ রূপালী বেগমকে (১৮) দুর্বৃত্তরা গলা কেটে ও গুলি করে হত্যা করে।

আজ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ নিহত ফরহাদ চৌধুরীর খাদেম মো. সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছে। এর আগে খাদেম সাইদুর রহমানসহ কয়েকজন মুরিদ এ প্রতিবেদককে জানান, কুড়িগ্রামের আরেক পীরের সঙ্গে ফরহাদ চৌধুরীর মতবিরোধ ছিল। গতকাল রাত আটটা-সাড়ে আটটার দিকে তিন ব্যক্তিকে মোটরসাইকেলে করে সেখানে আসতে দেখা গেছে। ওই ব্যক্তিরা খুন করে থাকতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

জানা গেছে, ফরহাদ চৌধুরীকে মুরিদরা ‘বাবা’ বলে ডাকতেন। ২০১০ সালে দৌলা গ্রামে তিনি কাদেরিয়া মোহাম্মদী দরবার শরিফ প্রতিষ্ঠা করেন। তবে বেশির ভাগ সময় শহরের বালুয়াডাঙ্গায় নিজের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর সঙ্গে খুন হওয়া রূপালী বেগমও শহরের বাড়িতে থাকতেন। মেয়েটিকে তিনি লালন-পালন করেছেন বলে জানা যায়। গত বৃহস্পতিবার দৌলা গ্রামে তাঁর এক মুরিদের সঙ্গে রূপালী বেগমের বিয়ে দেন। দরবার শরিফে যতবার তিনি আসতেন, রূপালী বেগমকে সঙ্গে নিয়ে আসতেন।

ফরহাদ চৌধুরী হত্যার খবর শুনে আহাজারি করছেন মুরিদরা। ছবি: প্রথম আলো।
ফরহাদ চৌধুরী হত্যার খবর শুনে আহাজারি করছেন মুরিদরা। ছবি: প্রথম আলো।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যাওয়ার আগে খাদেম মো. সাইদুর রহমান প্রথম আলোকে জানান, দরবার শরিফে প্রতি চান্দ্রমাসের ১১ তারিখে বিশেষ মাহফিল হয়। এ ছাড়া প্রতি বৃহস্পতিবার বিশেষ মাহফিল হয়। গত বৃহস্পতিবার মাহফিল হয়ে গেছে। মাহফিলে ১০০ থেকে ১৫০ জন মুরিদ, অনুসারী অংশ নিতেন।

ফরহাদ চৌধুরী প্রতিদিন আসতেন। রাতে শহরের বালুয়াডাঙ্গার বাসায় থাকতেন। বৃহস্পতিবার রূপালী বেগমের আক্‌দ হওয়ার পর তিনি ফরহাদ চৌধুরীর সঙ্গে শহরের বাসায় ফিরে যান। গতকাল সোমবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে ফরহাদ চৌধুরী তাঁর ব্যক্তিগত গাড়িতে করে দরবার শরিফে আসেন। সঙ্গে রূপালী বেগমও ছিলেন।

খাদেম সাইদুর রহমান বলেন, গতকাল রাত নয়টার দিকে তিনি সুফি বেগম (৩৫) নামের এক মুরিদের ছেলে জনিকে (২০) নিয়ে খানকায় আসেন। ওই সময় সেখানে বিদ্যুৎ ছিল না। এসে দেখেন ফরহাদ চৌধুরী আধশোয়া অবস্থায় খাটে শুয়ে আছেন। তাঁর একটি পা খাটের বাইরে ঝুলে আছে। সুফি বেগম ‘বাবাকে’ ডাকছেন। সাইদুর রহমানকে দেখে সুফি বেগম বলে ওঠেন, ‘বাবা কথা বলছে না।’ এরপর নিজেও ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। তিনি ফরহাদ চৌধুরীর ঝুলে থাকা পা খাটে তুলে ঠিকভাবে শুইয়ে দেন। ওই সময় ফরহাদ চৌধুরীর বুকের ওপর থেকে চাদর সরে যাওয়ার পর দেখতে পান বুকে রক্ত। তখন তিনি বুঝতে পারেন ‘বাবাকে’ কেউ গুলি করে মেরেছে। তখনো দেখেননি যে ফরহাদ চৌধুরীর গলা কাটা। তাঁদের চিৎকার-কান্নাকাটি শুনে লোকজন এসে জড়ো হয়। পরে তাঁরা দেখতে পান, খানকার পেছনের একটি ঘরে রূপালী বেগমের লাশ পড়ে আছে।

সাইদুর রহমানসহ আরও দুই মুরিদ মো. সলিমুদ্দিন ও আয়শা বেগম জানান, ফরহাদ চৌধুরী ছিলেন বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-র অনুসারী। কুড়িগ্রামে ‘পীর’ হিসেবে পরিচিত ইসাহাক আলীর মাধ্যমে ফরহাদ চৌধুরী বড় পীরের মুরিদ হন। ‘পীর’ ইসাহাক আলীর বাড়ি কুড়িগ্রামের পাথরডুবি গ্রামে। একসময় ফরহাদ চৌধুরীর সঙ্গে তাঁর সখ্য থাকলেও তরিকতের বিষয় নিয়ে কয়েক বছর আগে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আগে ইসাহাক আলী নিয়মিত ফরহাদ চৌধুরীর দরবার শরিফে আসতেন। বিরোধের পর আর আসতেন না। দৌলা গ্রামে এলে বাবু নামের এক ব্যক্তির বাসায় উঠতেন। ১০ থেকে ১২ দিন আগে তিনি গ্রামে এসেছিলেন।

তবে ফরহাদ চৌধুরীর অপর একজন মুরিদ পাশের মাধবপুর গ্রামের হারুন অর রশিদ হিরু (৫০) জানান, তিনি ‘বাবার’ সঙ্গে কারও বিরোধ ছিল বলে শোনেননি।

মো. সলিমুদ্দিন ও আয়শা বেগম জানান, গতকাল রাত আটটা-সাড়ে আটটার দিকে তাঁরা মোটরসাইকেলে করে তিন ব্যক্তিকে দরবার শরিফে আসতে দেখেছেন। ওই তিনজন খুন করে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে জনি ও পরে সাইদুর রহমানকে থানায় নেওয়া হয়েছে।