দিনাজপুরে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রণগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রামের একটি খেত থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. রাকিবুল ইসলাম রিয়াজ (১৬)। সে এ বছর এসএসসি পাস করেছে।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, রাকিবুল রণগাঁও হাজীপাড়া গ্রামের কৃষক আবদুল বাকীর ছেলে। সকালে কৃষকেরা খেতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে প্রথমে তার পরিবার ও ইউপি সদস্যকে খবর দেন।
নিহত রাকিবুলের বাবা আবদুল বাকী জানান, তাঁর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে রিয়াজ ছোট। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওর মোবাইলে একটি ফোন আসে। কথা বলতে বলতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ফেরেনি। সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে মরিচের খেতে রিয়াজের লাশ পাওয়া যায়। তিনি তাঁর ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয় রণগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পর তিনি আবদুল বাকীর বাড়িতে আসেন। পুলিশকে খবর দেন। তিনি নিজে নিহত কিশোরের লাশ পর্যবেক্ষণ করে দেখেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রিয়াজের গলা কেটে হত্যা করেছে।
দিনাজপুর পুলিশের বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় আবদুল বাকী বাদী হয়ে আজ বুধবার দুপুরে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।