দিনাজপুরে খানকায় কথিত পীরসহ দুজন খুন
দিনাজপুরের বোচাগঞ্জে গতকাল সোমবার রাতে দুর্বৃত্তরা কথিত পীরের খানকায় দুজনকে গলা কেটে এবং গুলি করে হত্যা করেছে।
এলাকাবাসী জানান, রাত সাড়ে নয়টার আগে কোনো এক সময় বোচাগঞ্জের দৌলা গ্রামে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬০) এবং তাঁর নারী মুরিদ রূপালী বেগমকে (১৮) দুর্বৃত্তরা গলা কেটে এবং পরে গুলি করে হত্যা করে।
নিহত ফরহাদ হোসেনের প্রতিবেশী বাবলু চৌধুরী প্রথম আলোকে বলেন, ৮-১০ বছর ধরে ফরহাদ গ্রামের বাড়িতে খানকা চালাচ্ছেন। সপ্তাহে এক দিন সেখানে জিকির-আসকার করতেন।
স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে গ্রামের লোকজন খানকায় গিয়ে ফরহাদ হোসেন চৌধুরী ও তাঁর মুরিদ রূপালী বেগমের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পান। এ ছাড়া ফরহাদের বুকে একটি গুলির চিহ্ন এবং ডান হাতের কবজি কাটা। রূপালী বেগমের মুখমণ্ডলে আঁচড়ের দাগ আছে। তাঁর ডান পায়ের ঊরুর নিচে গুলির চিহ্ন রয়েছে।
রূপালী বেগমের বাবা মো. হাশের আলী প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার নাটোর জেলার এক যুবকের সঙ্গে তাঁর মেয়ের আক্দ হয়েছে। আগামী মাসে তুলে নেওয়ার দিন ঠিক হয়েছিল। জামাতা দৌলা গ্রামেই ছিলেন, গত রোববার তিনি নাটোরে চলে যান।
হাশের আলী বলেন, তিনি গরিব মানুষ। রূপালীকে লালন-পালন করতেন ফরহাদ হোসেন চৌধুরী। ফরহাদের পরিবারের সদস্যরা থাকেন দিনাজপুর শহরের বাড়িতে। ফরহাদ মাঝে মাঝে বোচাগঞ্জে নিজের তৈরি খানকায় থাকতেন।
ফরহাদ হোসেন চৌধুরী দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি এবং দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতিও ছিলেন। তবে ১০-১২ বছর ধরে তিনি রাজনীতি এবং ব্যবসা-বাণিজ্য থেকে দূরে ছিলেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, ঘটনার সময় ওই খানকায় নিহত দুজন ছাড়া আর কেউ ছিলেন কি না, তা গত রাত পর্যন্ত জানা যায়নি। জেলা পুলিশের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।