দিনাজপুরে গুলিবিদ্ধ দুই 'ডাকাত' আটক
দিনাজপুরের নবাবগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। সড়কে ডাকাতিকালে তারা পুলিশের গুলিতে আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
গতকাল বুধবার রাতে নবাবগঞ্জের ফুলবাড়ী-রংপুর সড়কের নলশীষা সেতুর ওপর এই ঘটনা ঘটে বলে পুলিশের ভাষ্য।
ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করার দাবি পুলিশের।
পুলিশের তথ্যমতে, গুলিবিদ্ধ অবস্থায় আটক হওয়া ব্যক্তিরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাগর হোসেন (৪০) ও বাবলু মিয়া (৩২)।
সাগর ও বাবলুকে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ হেফাজতে তাঁদের চিকিৎসা চলছে।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মিজানের ভাষ্য, নলশীষা সেতুর ওপর গাছ ফেলে ১০-১৫ জন ব্যক্তি ডাকাতি করছিল। নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ সেখানে যায়। ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হলে তাদের আটক করা হয়।