দিনাজপুরে চার শিক্ষকের নামে অর্থ তুলে আত্মসাৎ
দিনাজপুরের বিরলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঋণ দান করা এক সমিতির ব্যবস্থাপকসহ পরিচালকমণ্ডলীর বিরুদ্ধে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। চার শিক্ষকের নাম আংশিক পরিবর্তন করে তাঁদের নামে ঋণ নিয়ে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে। সমিতির নাম কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)।
সারা দেশে প্রাথমিক শিক্ষকদের ঋণ-সহায়তা দেওয়ার জন্য বেসরকারিভাবে এই কালব সমিতি গঠিত হয়। অভিযোগ উঠেছে বিরলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঋণদানকারী কালব শাখার বিরুদ্ধে। ৪ মে ভুক্তভোগী চার শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সমিতির সেক্রেটারি হাসান আলী, ব্যবস্থাপক রাশেদ হোসেনসহ উপজেলা কালব লিমিটেডের পরিচালকমণ্ডলী এতে জড়িত।
ঘটনার শিকার ওই চার শিক্ষক জানান, একটি অপরিচিত মুঠোফোনের নম্বর থেকে ফোন দিয়ে তাঁদের এ ঋণের ব্যাপারে জানানো হয়। ৩ নম্বর ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী রায়ের (নাম কিছুটা বদলে করা হয়েছে রাধিকা রানী রায়) নামে ৩ লাখ, ওই স্কুলের সহকারী শিক্ষক মেরিনা আক্তারের (নাম করা হয়েছে মেরিনা আক্তার বানু) নামে ৩ লাখ, ১৩ নম্বর কানাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফছারুন আশার (নাম করা হয়েছে আফসানা আশা) নামে ২ লাখ ৯৫ হাজার এবং একই স্কুলের সহকারী শিক্ষক সালেহা খাতুনের (নাম করা হয়েছে সালমা খাতুন) নামে ২ লাখ ৯০ হাজার টাকা ঋণ তোলা হয়। অথচ এ চারজনের কেউই ওই সমিতির সদস্য নন।
গত ২৯ এপ্রিল ওই চার শিক্ষক পৃথকভাবে সমিতির চেয়ারম্যান মোস্তফা কামালের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। তিনি ১৯ মে মুঠোফোনে বলেন, ‘বিষয়টির সুরাহা হয়নি, তদন্তাধীন।’ উপজেলা কালব কার্যালয়ের ব্যবস্থাপক রাশেদ হোসেন মুঠোফোনে কথা বলতে রাজি হননি।
সেক্রেটারি হাসান আলী ঋণ তোলার কথা অস্বীকার করে বলেন, ‘তদন্ত ছাড়া কোনো কিছু আমি মানতে রাজি না।’
মুঠোফোনে কালবের জেলা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালবের মেম্বার সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার আবুল কাসেম ঘটনা তদন্ত করছেন। এ নিয়ে কয়েকবার বৈঠকও হয়েছে। তবে এরপর আর কোনো অগ্রগতি নেই।
ইউএনও বলেন, অভিযুক্ত একজন ছাড়াসমিতির অন্য সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় ঘটনা তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু এখানে অর্থের বিষয় জড়িত, তাই কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুষ কুমার চট্টোপাধ্যায় বলেন, আপসের চেষ্টা করা হয়েছে। ঘটনার শিকার ওই চার শিক্ষক কোনো ঋণ নেননি। তাঁরা তাঁদের নামে নেওয়া ঋণ পরিশোধ-সংক্রান্ত প্রত্যয়নপত্র দাবি করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা তা দিতে অপারগতা প্রকাশ করায় আপস হয়নি।