দিনাজপুরে ছাত্রলীগ সভাপতিসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন এক শিক্ষক ও এক কর্মচারী।
গত বৃহস্পতিবার কোতোয়ালি থানায় অভিযোগ দুটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট অনুষদের ডিন আনিস খান এবং প্রগতিশীল কর্মচারী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। আনিস খানের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম বৃহস্পতিবার এক সমাবেশে তাঁকে প্রাণনাশের হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন। আর জাহাঙ্গীর আলমের অভিযোগ, ২৪ নভেম্বর হামলা চালিয়ে কর্মকর্তা-কর্মচারীদের একটি সমাবেশ পণ্ড করে দেওয়ায় নেতৃত্ব দেন ইফতেখারুল ইসলাম।
অধ্যাপক আনিস খান প্রথম আলোকে বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ভর্তি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে বহিষ্কার করে। বহিষ্কারাদেশ জানার পর ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ছাত্ররা মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে ইফতেখারুল ইসলাম মাইকে তাঁর নাম ধরে অশ্লীল ও সম্মানহানিকর স্লোগান দেন। এ সময় ইফতেখারুল আনিস খানসহ কয়েকজন শিক্ষকদের নাম উল্লেখ করে তাঁদের যেখানেই পাবেন, সেখানেই শারীরিকভাবে লাঞ্ছিত করতে কর্মীদের নির্দেশ দেন। এর দায়দায়িত্ব তিনি নিজে নেবেন বলেও ঘোষণা দেন।
এতে শঙ্কিত হয়ে তিনি গতকাল কোতোয়ালি থানায় ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়সহ তিনজনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেন।
অভিযোগ সম্পর্কে ইফতেখারুল ইসলাম বলেন, ‘আনিস খানের অভিযোগ মিথ্যা। আমি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিইনি। সমাবেশ থেকে এই শিক্ষককে শুধু গ্রেপ্তারের দাবি জানিয়েছি। কারণ, তিনি ছাত্রদের সঙ্গে খারাপ আচরণ করেন। ছাত্রদের গায়ে হাত তোলেন। কোনো শিক্ষক এভাবে ছাত্র নির্যাতন করলে আমরা কোথায় যাব?’ ২৪ নভেম্বর কর্মচারীদের সভায় হামলার কথাও তিনি অস্বীকার করেন।