দিনাজপুরে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি নিহত
দিনাজপুরের খানসামায় জমি নিয়ে সংঘর্ষে শফিকুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলামের বাড়ি দাসারপাড়া গ্রামে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার প্রথম আলোকে বলেন, দাসারপাড়া গ্রামে শফিকুলের সঙ্গে প্রতিবেশী শওকত হোসেনের জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই জমির ব্যাপারে শফিকুলের পক্ষে আদালত রায় দেন। আজ শুক্রবার বিকেলে ওই জমিতে চাষাবাদ করতে গেলে শওকতের লোকজন শফিকুলের লোকজনের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই শফিকুল মারা যান। এ ছাড়া সংঘর্ষে শফিকুলের পক্ষের আটজন আহত হন। খবর পেয়ে পুলিশ শওকতসহ তাঁর ভাতিজা রাজ্জাক (৩৫), নাজমুল (১৭) ও রাব্বানীকে (১৯) আটক করে। নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল শনিবার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মালার প্রস্তুতি চলছে।