দিনাজপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
নারায়ণগঞ্জের পর এবার দিনাজপুরে সন্দেহভাজন ডাকাতদের পিটুনি দিয়েছে জনতা। গণপিটুনিতে গুরুতর আহত তিনজনের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের রামডুবির গ্রামে ওই গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনিতে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল রাতে সদর উপজেলার নতুন ভুষিরবন্দর নামক স্থানে দিনাজপুর-রংপুর মহাসড়কের পাশে অবস্থিত তৃপ্তি ফিলিং স্টেশনে সন্দেহভাজন ডাকাতেরা হানা দেয়। সেখান থেকে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা সন্দেহভাজন তিন ডাকাতকে ধরে পিটুনি দেয়। গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে একজনের মৃত্যু হয়।
ফিলিং স্টেশনের মালিক ভবানী শংকর আগরওয়ালা প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে চারটি মোটরসাইকেলে করে ১০-১২ জন যুবক আসে। মোটরসাইকেলে তেল নেওয়া শেষে চারজন যুবক টাকা পরিশোধ করতে পাম্পের কার্যালয়ে প্রবেশ করে। একপর্যায়ে তারা আগ্নেয়াস্ত্রের মুখে পাম্পের ব্যবস্থাপককে জিম্মি করে। তারা তিন লাখের বেশি টাকা লুট করে পালিয়ে যায়।
স্থানীয় সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা শরৎচন্দ্র রায়ের ভাষ্য, ঘটনার পর ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা মুঠোফোনের মাধ্যমে বিষয়টি আশপাশের লোকজনকে জানিয়ে দেন। সদর উপজেলার রামডুবির নামক স্থানে দিনাজপুর-দশমাইল মহাসড়কে স্থানীয় জনতা বাধা দেয়। এ সময় সন্দেহভাজন ডাকাতেরা কয়েকটি গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে রামডুবির পাঠানপাড়া নামক স্থানে স্থানীয় লোকজন সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি করে। তারা দুটি মোটরসাইকেলের তিন আরোহীকে ধরে পিটুনি দেয়। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা তিনজনকে উদ্ধার করে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। তাদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।