দিনাজপুরে নির্যাতনের শিকার গৃহকর্মী হাসপাতালে

দিনাজপুর শহরের ইসলামবাগ এলাকার এক বাসায় কাজ করত ১০ বছরের শিশু ইয়াসিন আলী। এখন সে হাসপাতালে। মাথায় ব্যান্ডেজ। তার সারা শরীরে আঘাতের চিহ্ন। কোথাও কাটা-ছেঁড়ার চিহ্ন আবার কোথাও রক্ত জমাট বাঁধা কালো দাগ।
ইয়াসিন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। গতকাল শনিবার দুপুরে সে বলে, তার বাবা বাবুল ইসলাম ও মা শিরীন বেগম। ময়মনসিংহ সদর উপজেলার আননজিপুর গ্রামে তাদের বাড়ি। দিনাজপুর শহরের ইসলামবাগ এলাকায় মো. ফারুক হাসান নামে এক আইনজীবীর বাসায় সে কাজ করত।
ইয়াসিন বলে, গৃহকর্ত্রী রীনা পারভীনের বাবার বাড়ি ময়মনসিংহে। সে সুবাদে চার মাস আগে তিনি তাকে দিনাজপুরে নিয়ে আসেন। নানা অজুহাতে গৃহকর্ত্রী প্রায় তাকে মারধর করতেন। গত শুক্রবার সকালে থালাবাসন ধোয়ার কাজ ভালো করে না করার অভিযোগে গৃহকর্ত্রী তাকে লাঠি দিয়ে মারধর করেন। এরপর বাড়ি থেকে বের করে দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম বলেন, নির্যাতনের পর শিশুটিকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে সে সারা দিন বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। পরে রাত সাড়ে আটটার দিকে শহরের সুইহারী এলাকায় গিয়ে অজ্ঞান হয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোতোয়ালি পুলিশের হাতে তুলে দেয়।
থানার সহকারী পরিদর্শক বিশ্বনাথ দাস গুপ্ত বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পুলিশ শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নিজেদের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা করাচ্ছে।
হাসপাতালের চিকিৎসক ফারহানা বেগম বলেন, শিশুটির মাথা, মুখসহ পুরো শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। মাথার বাম দিকে এবং ডান হাতের কনুইর কাটা অংশে সে আঘাত পেয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখন শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।
যোগাযোগ করা হলে গৃহকর্তা ও আইনজীবী মো. ফারুক হাসান গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি লজ্জিত। পেশাগত ব্যস্ততার কারণে পরিবারের গৃহকর্মীর দিকে খেয়াল রাখতে পারেননি।
থানার ওসি বিশ্বনাথ দাস বলেন, ময়মনসিংহ কোতোয়ালি থানার মাধ্যমে শিশুটির বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। তাঁরা দিনাজপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। অভিভাবকেরা এলে থানায় মামলা হবে।