দিনাজপুরে নৈশপ্রহরী খুন, মামলা
দিনাজপুর শহরের চুড়িপট্টি এলাকায় মো. দেলোয়ার হোসেন (৫৫) নামে এক নৈশপ্রহরী খুন হয়েছেন। গত শনিবার গভীর রাতে ওই এলাকার করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেনের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিশ্বাসপুর গ্রামে। দিনাজপুর সিকিউরিটি ফোর্স কোম্পানির কর্মী হিসেবে তিনি করতোয়া কুরিয়ার সার্ভিস কাউন্টারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা চালার টিন কেটে করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ঢোকে। তারা কার্যালয়ের আসবাব ভাঙচুর এবং কাউন্টারের ড্রয়ার ভেঙে কাগজ তছনছ করে। এর আগে দুর্বৃত্তরা নৈশপ্রহরী দেলোয়ারকে কার্যালয়ের বারান্দায় শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রাখে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান জানান, নিহত দেলোয়ারের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।