দিনাজপুরে পরপর তিন হামলা, কিনারা পাচ্ছে না পুলিশ
দিনাজপুরে ১৮ দিনের ব্যবধানে ঘটে গেল তিনটি হামলার ঘটনা। এর একটিরও কোনো কূলকিনারা এখন পর্যন্ত করতে পারেনি পুলিশ। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে জেলা প্রশাসনের শীর্ষ ব্যক্তিও। তবে পুলিশ বলছে, দৃশ্যত কোনো অগ্রগতি দেখা না গেলেও অন্তত শেষের দুটি ঘটনার রহস্য শিগগির জানা যাবে।
সর্বশেষ গত শুক্রবার রাতে কাহারোল উপজেলায় ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলা উপলক্ষে আয়োজিত যাত্রাপালায় বোমা বিস্ফোরণে আহত হন ছয়জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ। তবে কী তাঁদের পরিচয়, জিজ্ঞাসাবাদে কী পাওয়া গেল—তা না জানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।
এর আগে ১৮ নভেম্বর জেলা শহরের মির্জাপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন গির্জার ধর্মযাজক ও চিকিৎসক পিয়েরো পিচম। ইতালির এই নাগরিক এখনো চিকিৎসাধীন। এ ঘটনায় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় রিমান্ড শেষে তিনি এখন কারাগারে আছেন। এরপর গত ৩০ নভেম্বর রাতে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে গুলি করে হত্যার চেষ্টা করা হয় হোমিও চিকিৎসক বীরেন্দ্রনাথ রায়কে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইস্কন) জেলা শাখার সভাপতি বীরেন্দ্রনাথ এখনো চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রংপুরে গ্রেপ্তার দুই শিবির নেতাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। এ ছাড়া এই দুটি ঘটনার তদন্তে আর কোনো অগ্রগতি নেই।
তবে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ প্রথম আলোকে বলেন, তিনটি ঘটনার রহস্য উদ্ঘাটনে এখন পর্যন্ত দৃশ্যত কোনো অগ্রগতি দেখা না গেলেও অন্তত শেষের দুটি ঘটনার রহস্য শিগগির জানা যাবে বলে তিনি আশা করছেন।
যাত্রা প্যান্ডেলে আহত ব্যক্তিদের অবস্থার উন্নতি: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তরুণ কান্তি হালদার গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তাঁদের সবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সবাই আশঙ্কামুক্ত।
কান্তজিউ মন্দির পরিচালনা কমিটির সদস্য প্রেমনাথ রায় গতকাল বলেন, ঘটনার পর রাতের বেলা যাত্রা, সার্কাস ও পুতুলনাচ-গানসহ মেলার সব বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণে গত রাতে মেলা ও মন্দির প্রাঙ্গণ ফাঁকা হয়ে পড়ে। গতকাল সকালে কেবল পুণ্যার্থীরা মন্দিরে পূজা-অর্চনা এবং শ্রদ্ধা জানাতে আসেন। কিন্তু সেই সংখ্যাও ছিল খুবই কম। যদিও মন্দির ও মেলার নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ নিয়োজিত আছে।
বোমা হামলার ঘটনার পর দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয় কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদকে। ওই থানায় বর্তমানে ওসির দায়িত্বে আছেন উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম সরদার। তিনি গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া সাবেক ওসি বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ যুবককে আটক করেছিলেন। পরে তিনি নিজে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন এবং তিনি সবাইকে ছেড়ে দেন।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘কী কারণে আটককৃতদের সন্দেহ করা হয়েছিল, তাঁদের পরিচয় কী ছিল, জিজ্ঞাসাবাদে কোনো কিছু পাওয়া গেছে কি না? এমনকি কোন সময় তিনি তাঁদের ছেড়ে দিয়েছেন, এ ব্যাপারে কোনো তথ্য আমার জানা নেই। এ ব্যাপারে তিনিই (সাবেক ওসি) ভালো জানেন।’ তিনি জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার সহকারী উপপরিদর্শক মো. আহসানুর রহমান প্রধানকে। তিনি তদন্তকাজ শুরু করেছেন।
জেলাবাসীর উদ্বেগ: ১৮ দিনের ব্যবধানে তিনটি হামলার ঘটনায় উদ্বিগ্ন জেলার সর্বস্তরের মানুষ। দিনাজপুরের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাবেক ক্রিকেটার উলফত উর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ অন্তত একটি ঘটনার রহস্য বের করে শহরবাসীর মনে সাহস জোগাবে, এটাই প্রত্যাশা করেন তিনি।
দিনাজপুর সদর উপজেলার শিকদারগঞ্জ গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস সবুর বলেন, ২০০২ সালে দিনাজপুরের পার্বতীপুরে প্রথম জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের সদস্যরা ধরা পড়েন। এরপর ২০০৩ সালে শহরের ছোট গুড়গোলা এলাকায় মেসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০০৫ সালে সারা দেশের মতো দিনাজপুরেও সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। প্রতিটা ঘটনায় জড়িত ব্যক্তিরা ধরা পড়েন। কিন্তু পরে আইনের ফাঁক গলিয়ে ছাড়া পান। বর্তমান নাশকতা দেখে মনে হচ্ছে সেই জঙ্গিরা জামায়াত-শিবিরের সঙ্গে জোট বেঁধে আরও শক্তিশালী হয়ে দিনাজপুরে আস্তানা গেড়েছে।
তবে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে না পারার জন্য শুধু পুলিশ বা প্রশাসনকে দোষ দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন সিপিবির জেলা কমিটির সভাপতি আলতাফ হোসাইন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই জঙ্গিদের দমনে সরকারের দৃঢ়তার অভাব আছে বলে মনে হয় না।
এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘জেলার সাধারণ মানুষের মতো আমিও উদ্বিগ্ন। এটা সত্যি যে তিনটি ঘটনা কারা ঘটিয়েছে, এ ব্যাপারে কোনো কূলকিনারা পুলিশ বের করতে না পারলেও ঘটনা তদন্তে পুলিশ দিনরাত পরিশ্রম করছে। আশাহত হলে চলবে না।’