দিনাজপুরে বাদামখেত থেকে গরু তাড়িয়ে দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর
দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে বাদামখেত থেকে গরু তাড়িয়ে দেওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন ওই বৃদ্ধের পরিবারের সাত সদস্য। শুক্রবার বেলা দুইটার দিকে আরাজী মিলনপুর (আদীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম আহম্মদ আলী (৭৫)। আহত ব্যক্তিরা হলেন নিহত আহম্মদ আলীর দুই ছেলে আবদুর রহিম (৩০) ও নজিম উদ্দিন (২৮), বড় ভাই মোহাম্মদ আলীর স্ত্রী আবিরন (৫৬), ছোট ভাই হবিবর রহমানের স্ত্রী শাহনাজ পারভীন (৩৫)। এ ছাড়া তাঁর পরিবারে আহত তিন সদস্য হলেন মো. খাদেমুল ইসলাম (১৭), শাকিল (১৫) ও শামিম হোসেন (১০)।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে হয়েছে বলে নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন। আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের হক মিয়া (৪০), ওই গ্রামের বাসিন্দা আলাল হোসেনের স্ত্রী পারভীন বেগম (৩০), দুলাল হোসেনের স্ত্রী মমতা বেগম (২৮) ও কুদ্দুসের মেয়ে সুমি আখতার (১৬)।

নিহত আহম্মদ আলীর ছেলে আবু হাসনাত প্রথম আলোকে বলেন, শুক্রবার জুমার নামাজ পড়ে বাড়িতে আসার পথে নিজের বাদামখেতে দেখতে যান আহম্মদ আলী। সেখানে প্রতিবেশী আবদুল কুদ্দুসের কয়েকটি গরুকে বাদামগাছ খেতে দেখেন তিনি। পরে লাঠি দিয়ে গরুগুলোকে তাড়াতে দেখে আবদুল কুদ্দুস বৈদ্যুতিক মোটা তার দিয়ে তাঁর বাবাকে পেটাতে থাকেন। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।