দিনাজপুরে বিদ্যালয়ের নৈশপ্রহরী খুন, আটক ১
দিনাজপুর শহরের কসবা এলাকার আউলিয়াপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী সুকু সরেন (৪৮) গত বুধবার রাতে খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মাতিয়াস সরেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর সঙ্গে জড়িত সন্দেহে ওই এলাকার আইন উদ্দিনের ছেলে মো. মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বিদ্যালয়টি ‘দিনাজপুর নর্দান এভিনজিকেল লুথারেন চার্চ’ নামে একটি মিশনের অধীন। এ ছাড়া বিদ্যালয়টি মিশনের সীমানার ভেতরে অবস্থিত। ওই বিদ্যালয় ছাড়াও মিশনের সীমানার ভেতরে চার্চ ও পাঁচটি পরিবারের বাসা রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সীমানায় গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে চোর প্রবেশ করলে নৈশপ্রহরী সুকু তাদের দেখে ফেলেন। এ সময় চোরদের সঙ্গে সুকুর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একজন চোর সুকুর পেটে ছুরিকাঘাত করে। এ সময় সুকুর চিৎকারে মিশনের পুরোহিত সুফল হেমরম বাসা থেকে বেরিয়ে এলে চোরেরা পালিয়ে যায়। সুকুকে সুফল হেমরম তাঁর বাসার বারান্দায় চেয়ারে বসিয়ে অ্যাম্বুলেন্সের জন্য খবর পাঠান। অ্যাম্বুলেন্স এলে সুকুকে নিয়ে সুফল হেমরম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে রাত সোয়া একটার দিকে সুকু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড ইউনিট-২-এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, রাত পৌনে একটার দিকে সুকুকে হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
সুফল হেমরম বলেন, পাশে বস্তি এলাকা। এলাকার কতিপয় মাদকাসক্ত যুবক দু-তিন মাস ধরে সীমানাপ্রাচীর টপকে মিশনের ভেতরে প্রবেশ করে টিউবওয়েল, বাড়ির বারান্দা থেকে সোফা, গির্জার ঘণ্টাসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে এ খুনের ঘটনা ঘটে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক যোসেফ মুর্মু বলেন, সুকু ছয় বছর আগে ওই মিশনের নৈশপ্রহরী ছিলেন। মিশন এলাকাতেই তাঁর বাড়ি। চাকরি ছেড়ে তিনি ইজিবাইক চালাতেন। আসছে বড়দিনের ছুটিতে মিশনের ভেতরে বসবাসকারী পরিবারগুলো নিজ নিজ গ্রামে উৎসবে যোগ দিতে যাবে। এ কারণে তাঁকে ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনের জন্য নৈশপ্রহরীর দায়িত্ব দেওয়া হয়েছিল।
নিহত সুকুর স্ত্রী মার্গারেট মুর্মু (৪০) বলেন, তিনি নিজে ওই মিশনের সদস্য। পরিবারে সুকু একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে শান্ত সরেন ওই বিদ্যালয়ে এবার পঞ্চম শ্রেণিতে উঠেছে। চার্চের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় সন্দেহজনক হিসেবে চার থেকে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।