দিনাজপুরে বিমা কর্মকর্তার লাশ উদ্ধার
দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় একটি বেসরকারি জীবনবিমা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে এক বিমা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই বিমা কর্মকর্তার নাম মো. মেহরাব হোসেন (৫৭)। তাঁর বাড়ি দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায়। তিনি ইসলামি কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানির দিনাজপুর জেলা কার্যালয়ের ব্যবস্থাপক ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে , বাহাদুর বাজারে শীতল প্লাজা নামে একটি বিপণিবিতানে ওই বিমা কোম্পানির কার্যালয়। গত শুক্রবার বিকেল চারটার দিকে মেহরাব হোসেন (৫৭) একা এসে ওই কার্যালয় খুলে বসেন। রাতে বিপণিবিতানে আসা লোকজন বিমা কার্যালয়ের বাইরের দরজা সামান্য খোলা দেখতে পান। কিন্তু কারও কোনো সাড়া নেই। সন্দেহ হলে এক ব্যক্তি দরজা খুলে ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ ঝুলতে দেখে পুলিশে খবর পাঠায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান পিপিএম বলেন, খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ বিমা কার্যালয়ে গিয়ে সিলিং ফ্যান থেকে মেহরাবের ঝুলন্ত লাশ নামায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, মেহরাব নিজের মোটরসাইকেল ও মুঠোফোন রেখে শুক্রবার বিকেলে পাহাড়পুর এলাকার বাসা থেকে বের হয়ে আসেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।