দিনাজপুরে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামাল হোসেন (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার হরিপুর কোনাকুড়ি গ্রামে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সাইদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জামাল হোসেন ও দিলবর হোসেনের পরিবারের সঙ্গে একই এলাকার ইসার উদ্দিনের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল রাতে জমির পানি নিষ্কাশনের জন্য নালা কাটার সময় ইসার উদ্দিনের লোকজনের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন জামাল হোসেন, দিলবর হোসেনের স্ত্রী সোনাবানু, ছেলে রবিমান ও মকবুল হোসেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য জামালের লাশ এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।