দিনাজপুরে ভুয়া মেজর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আজ সোমবার দুপুরে ফারুক হোসেন জীবন (৪৫) নামের ভুয়া এক মেজরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক ফারুক টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাইশখানা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও ফরহাদ হোসেন প্রথম আলোকে জানান, ফারুক হোসেন দুপুর ১২টার দিকে তাঁর কার্যালয়ে গিয়ে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর হিসেবে পরিচয় দেন। এরপর তিনি উপজেলার দাউদপুর ইউনিয়নের হাঁসারপাড়া গ্রামের এক ব্যক্তির অর্পিত সম্পত্তি-বিষয়ক জটিলতা নিরসনের সুপারিশ করেন। ফারুক হোসেনের কথায় অসংলগ্নতা ও তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইউএনও। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি মিথ্যা পরিচয় দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ফারুক সাংবাদিকদের জানান, কয়েক দিন আগে হাঁসারপাড়ায় এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে থাকা অবস্থায় টাকার বিনিময়ে ভুয়া মেজর সেজে এক ব্যক্তির জমির সমস্যা সমাধানের ফন্দি আঁটেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।