দিনাজপুরে মন্দিরে হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ১
দিনাজপুরের কাহারোল উপজেলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইস্কন) একটি মন্দিরে হামলা চালানোর ঘটনায় জড়িত সন্দেহে আজ শুক্রবার ভোরে মোজাম্মেল হক নামের একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজন আটক হলেন।
মোজাম্মেলের বাড়ি লালমনিরহাটে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩৩টি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া-শালবনসংলগ্ন এলাকায় মো. সিরাজ নামের এক ব্যক্তির বাড়িতে মোজাম্মেল হক ভোরবেলায় আশ্রয় চান। সিরাজের সন্দেহ হলে আশপাশের প্রতিবেশীদের ডাক দেন। প্রতিবেশীরা কিছু জানতে চাইলে মোজাম্মেল পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী ধরতে গেলে মোজাম্মেল গুলি ছোড়েন। এতে মো. রফিক (৩২) নামের এক ব্যক্তি আহত হন। এরপর স্থানীয় লোকজন মোজাম্মেল হককে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেন। রফিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিনাজপুরে ইস্কন মন্দিরে গুলি-বোমা, দুজন আহত
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, মোজাম্মেলের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩৩টি গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি বিদেশি। এটি এসএমজি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কাহারোলের ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইস্কন) একটি মন্দিরে গতকাল বৃহস্পতিবার রাতে ধর্মসভা চলাকালে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দুজন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে দিয়েছে। আহত ব্যক্তিরা হলেন রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫)। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।