দিনাজপুরে মিশনের অধীনস্থ স্কুলের নৈশপ্রহরী খুন
দিনাজপুর শহরের কসবা এলাকায় আউলিয়াপুরে নর্দান এভিনজিকেল লুথারেন চার্চ নামে একটি মিশনের অধীনস্থ স্কুলের নৈশপ্রহরী সুকু সরেন (৪৮) খুন হয়েছেন।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সুকু সরেনকে ছুরিকাঘাত করা হয়। দিবাগত রাত সোয়া একটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মিশনের পুরোহিত সুফল হেমরম ও কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেন, রাতে স্কুলের সীমানায় কয়েকজন দুর্বৃত্ত চুরি করতে ঢোকে। দেখে ফেলায় তাঁদের সঙ্গে সুকুর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একজন সুকুর পেটে ছুরি ঢুকিয়ে দেয় তারা। সুকুর চিৎকারে স্কুলের পাশের বাসিন্দা সুফল বাসা থেকে বেরিয়ে আসেন। এ সময় চোরেরা পালিয়ে যায়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড ইউনিট-২-এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় সুকুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আউলিয়াপুর মডেল প্রাথমিক বিদ্যালয়টি দিনাজপুর নর্দান এভিনজিকেল লুথারেন চার্চ নামে একটি মিশনের অধীনস্থ। মিশনের সীমানাপ্রাচীরের ভেতরে স্কুলটির অবস্থান। স্কুল ছাড়াও ভেতরে চার্চ এবং পাঁচটি পরিবারের বাসা।
চার্চের প্রার্থনা পরিচালনাকারী পুরোহিত সুফল হেমরমের ভাষ্য, স্কুলের পাশেই বস্তি এলাকা। সেখানকার কয়েকজন মাদকাসক্ত যুবক দুই-তিন মাস ধরে প্রাচীর টপকে মিশনের ভেতরে ঢুকে টিউবওয়েল, সোফা, গির্জার ঘণ্টাসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়। এক মাস আগে স্থানীয় পুলহাট পুলিশ ফাঁড়িতে এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে এই খুন হয়।
স্কুলটির প্রধান শিক্ষক যোসেফ মুর্মু প্রথম আলোকে বলেন, সুকু ছয় বছর আগ পর্যন্ত ওই মিশনের নৈশপ্রহরী ছিলেন। মিশন এলাকাতেই তাঁর বাড়ি। চাকরি ছেড়ে তিনি ইজিবাইক চালাতেন। আসছে বড়দিনের ছুটিতে মিশনের পরিবারগুলো নিজ নিজ গ্রামে উৎসবে যোগ দিতে যাবে। এ কারণে গতকাল থেকে ১০ দিনের জন্য সুকুকে নৈশপ্রহরীর দায়িত্ব দেওয়া হয়।
সুকুর স্ত্রী মার্গারেট মুর্মুর (৪০) ভাষ্য, তিনি নিজে ওই মিশনের সদস্য। স্বামীই একমাত্র উপার্জনক্ষম। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে। চার্চের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিমের ভাষ্য, পুলিশ তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।