
দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলা উপলক্ষে আয়োজিত যাত্রাপালার আসরে গত শুক্রবার মধ্য রাতে বোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার ঝাড়পাড়া গ্রামের বাসিন্দা ও জয়পুরহাট সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মোকাদ্দেছ হোসেন (২৩), দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের মো. সাইদুল ইসলাম (৩২), একই গ্রামের সাধন রায় (৩০) ও আব্দুল জব্বার (২৫); বীরগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের কলেজছাত্র উমা কান্ত দাস (২২) ও নীলফামারীর সৈয়দপুর শহরের মো. সাঈদ (৩২)।
পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বলেন, গত ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকার মিশনারির ফাদার ডা. পিয়েরো পিচম ও ৩০ নভেম্বর রাতে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে হোমিওপ্যাথি চিকিৎসক বীরেন্দ্রনাথকে গুলি করে হত্যাচেষ্টা এবং এরপর কান্তজিউ মন্দির প্রাঙ্গণে¯যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। ঘটনা তিনটি একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তরুণ কান্তি হালদার বলেন, আহত ব্যক্তিদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে, কারও পায়ের মাংসপেশি ছিঁড়ে গেছে। সবার অস্ত্রোপচার করা হয়েছে। এর মধ্যে আব্দুল জব্বার ছাড়া অন্য পাঁচজনের অবস্থা আশঙ্কামুক্ত।
গতকাল দুপুরে হাসপাতালে গেলে আহত ব্যক্তিরা জানান, যাত্রাপালার প্যান্ডেলের সামনের অংশে বসে ছিলেন তাঁরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। লোকজন আতঙ্কিত হয়ে হুড়মুড় করে প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যায়। তাঁরা ছুটে বাইরে চলে যান। একটু পর দেখেন শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণস্থল উপজেলার কান্তনগর এলাকায় অবস্থিত কান্তজিউ মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মন্দির থেকে উত্তর-পূর্বে প্রায় ৫০০ গজ দূরে বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের প্রধান ফটকের সামনে লেখা ‘ভোলানাথ অপেরা, নারায়ণগঞ্জ’। স্থানীয় লোকজন জানান, ২০০ বছরের বেশি সময় ধরে রাসমেলা উপলক্ষে প্রতিবছর মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী মেলা বসে। এবার মেলা শুরু হয়েছে গত ২৫ নভেম্বর। যাত্রা, সার্কাস ও পুতুল নাচসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান চলছে কয়েক দিন ধরে।
ভোলানাথ অপেরার যাত্রা প্যান্ডেলটি চারদিকে টিন দিয়ে ঘেরা। প্যান্ডেলের দক্ষিণ দিকে প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে দেখা যায়, বড় মঞ্চের দুই পাশে কয়েক শ চেয়ার পাতা। আর সামনের অংশে বড় জায়গাটি খড় বিছিয়ে দর্শকদের বসার ব্যবস্থা।
ভোলানাথ অপেরার অন্যতম অভিনেতা বিরাজ কুমার ব্যাপারী বলেন, শুক্রবার রাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘সামান্য ক্ষতি’ অবলম্বনে ‘সতী করুণাময়ী’ যাত্রাপালাটি মঞ্চস্থ করা হচ্ছিল। প্যান্ডেল ছিল দর্শকে ভরা। রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মঞ্চের সামনের অংশে হঠাৎ বিকট শব্দ। এরপর ধোঁয়া, মানুষের চিৎকার ও হুল্লোড়। আহত ব্যক্তিদের মধ্যে দুজন মঞ্চে উঠে আসেন। দুজনেরই দুই পা ও কোমর থেকে রক্ত ঝরছিল। শিল্পী ও কলাকুশলীরা আতঙ্কিত হয়ে মঞ্চ ছেড়ে দৌড়ে নিজেদের তাঁবুতে ঢুকে যান।
মঞ্চের সামনে প্যান্ডেলের ঠিক নিচে যে স্থানটিতে বিস্ফোরণ হয়, সেখানে বাঁশের খুঁটির গোড়ার মাটি সামান্য গর্ত দেখা যায়। যাত্রাপালার একাধিক ব্যক্তি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সার্কিটের মতো দেখতে একটা বস্তু এবং তারসহ বিভিন্ন আলামত উদ্ধার করে নিয়ে গেছে।
সকালে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, পুলিশের বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার, দিনাজপুরে কর্মরত র্যাব-১৩ ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মেহমুদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও তদন্তকারী দল ঘটনাস্থলে যান।
একটি গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিস্ফোরকের শক্তি কম ছিল বলে ক্ষয়ক্ষতি কম হয়েছে। বিস্ফোরণস্থলে সার্কিট ও তার পাওয়া গেছে। আহত ব্যক্তিরা সবাই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। এসব থেকে স্পষ্ট যে এটি বোমার বিস্ফোরণ। তবে বোমাটি দূর-নিয়ন্ত্রিত ছিল নাকি সেখানে পেতে রাখা হয়েছিল, তা এখনই বলা যাচ্ছে না।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ জানান, বিস্ফোরণের ঘটনায় মেলার ইজারাদার মো. হারেছ আলী শাহ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে গতকাল সন্ধ্যায় ওসি আব্দুল মজিদকে প্রত্যাহার করা হয়। দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
আসকের উদ্বেগ: কান্তজিউ মন্দির প্রাঙ্গণে বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এ ঘটনা অবধারিতভাবে জনমনে আরও নিরাপত্তাহীনতা তৈরি করবে।