দিনাজপুরে লাশ ফেরত দিয়েছে বিএসএফ
দিনাজপুর সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে গত বৃহস্পতিবার ভোরে আবদুর রাজ্জাক নামে নিহত ওই ব্যবসায়ীর লাশটি শনিবার রাত পৌনে বারোটায় ফেরত দেয় বিএসএফ।
দিনাজপুর বিজিবি-২ রাইফেল ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বাংলাদেশের চার-পাঁচজন ব্যবসায়ী গরু আনতে যায়। ভোররাতে গরু নিয়ে ফেরার সময় ৪১ বিএসএফের কাটাবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আবদুর রাজ্জাক (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে ভারতে যাওয়া অন্য গরু ব্যবসায়ীরা পালিয়ে বাংলাদেশে এসে বিজিবিকে ঘটনা জানায়। রাজ্জাক (৪৫) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনবাড়ী গ্রামের হবিবর রহমানের ছেলে।
দিনাজপুর সেক্টরের অধীন ২ বর্ডার গার্ডের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর আবদুল হান্নান খান জানান, রাতে বিএসএফ বিজিবির সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে।
বিরল থানার ওসি মো. আবদুল হাই সরকার বলেন, ভারতের গঙ্গারামপুর থানা-পুলিশ নিহতের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে শনিবার গভীর রাতে ধর্মজৈন সীমান্তে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ। এরপর বিজিবি লাশটি পুলিশের হাতে তুলে দিলে রাত একটার সময় পুলিশ তা পরিবারের কাছে হস্তান্তর করে।