দিনাজপুরে শিশুর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১
দিনাজপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে একজন মুদিদোকানদারকে গ্রেপ্তার করেছে চিরিরবন্দর থানার পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ওই মেয়েশিশু বিদ্যালয়সংলগ্ন চড়কডাঙ্গা বাজারের এক মুদিদোকানে খাবার কিনতে যায়। এ সময় ওই দোকানদার দুই সন্তানের বাবা তোফাজ্জল হোসেন (৩৫) শিশুটিকে ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে শ্লীলতাহানি ঘটান।
পরে মেয়েটি বাড়ি গিয়ে তার পরিবারকে ঘটনা জানালে পরিবারের লোকজনসহ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে দোকানদারকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।
শিশুটির বাবা এবং শিশুটি যে বিদ্যালয়ে পড়ে, সেটির প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই দোকানদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারিছুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।