দিনাজপুরে সরকারি গাছ কেটে নিচ্ছেন যুবলীগ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে সরকারি দুটি কড়ইগাছ জেলার চিরিরবন্দর উপজেলার যুবলীগ কর্মী আমজাদ হোসেন (৪২) কেটে নিয়েছেন। দিনাজপুর-চিরিরবন্দর সড়কের মাদারগঞ্জ এলাকা থেকে গাছ দুটি কেটে নেন তিনি। তাঁর দাবি, ওই সড়কের মাদারগঞ্জ থেকে উপজেলার সীমানা পর্যন্ত সব গাছ জেলা পরিষদের কাছ থেকে দরপত্রের মাধ্যমে কিনে নিয়েছেন তিনি। তবে জেলা পরিষদ তাঁর এ দাবি নাকচ করেছে।
গত শনিবার সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের মাদারগঞ্জ বাজারের কাঁকড়া নদীর ওপর বেইলি ব্রিজ-সংলগ্ন একটি কড়ইগাছ এরই মধ্যে কাটা হয়েছে। অপর একটি গাছও কাটা চলছে। কাঠুরেরা জানান, চিরিরবন্দর উপজেলার বড়গ্রাম মৌজার এয়ারউদ্দিনের ছেলে স্থানীয় যুবলীগ নেতা আমজাদ হোসেন তাঁদের এ কাজে নিয়োগ করেছেন।
মাদারগঞ্জ এলাকার বাসিন্দা মো. সমিরউদ্দিন, আবদুল হাইসহ বেশ কয়েকজন বলেন, ওই সড়কে প্রায় ৫০ বছর বয়সী ৪০ থেকে ৫০টি কড়ইগাছ আছে। রাস্তা প্রশস্ত করার কোনো উদ্যোগ থাকলে গাছগুলো কাটার প্রশ্ন উঠতে পারে। কিন্তু তা তো না। ক্ষমতাসীন দল করার দাপট থেকে গাছগুলো কাটা হচ্ছে।
তবে আমজাদ হোসেনের দাবি, দিনাজপুর জেলা পরিষদ থেকে টেন্ডারের মাধ্যমে গাছগুলো তিনি কিনেছেন। তিনি নিজেকে চিরিরবন্দর উপজেলা যুবলীগের একজন নেতা বলে পরিচয় দিয়ে বলেন, মাদারগঞ্জ বেইলি ব্রিজ থেকে পার্বতীপুর সড়কের দুই ধারের গাছগুলোও পর্যায়ক্রমে কাটা হবে।
তবে জেলা পরিষদের প্রধান নির্বাহী সত্যেন্দ্র কুমার সরকার গতকাল সোমবার বলেন, দিনাজপুর-পার্বতীপুর সড়কে মরে যাওয়া মোট ৬৭টি গাছ জেলা পরিষদ দরপত্রের মাধ্যমে নিলামে বিক্রি করেছে। গত জুলাই মাসে ঠিকাদার সেগুলো কেটেও নিয়েছেন। আমজাদ হোসেন সম্পূর্ণ অবৈধভাবে গাছ কাটছেন। শিগগিরই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া যে গাছ দুটি কেটেছেন, সে দুটিও জব্দ করার ব্যবস্থা করা হয়েছে।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, আমজাদ হোসেন দলের কোনো পদে নেই। তবে তিনি একজন কর্মী।
চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে মামলা দেওয়া হলে অবৈধভাবে গাছ কাটার অপরাধে আমজাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।