দিনাজপুরের ডিসির অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানিয়েছে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘৫ জুলাই জোটের পক্ষ থেকে আমরা দিনাজপুরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিতে তাঁর কার্যালয়ে গেলে তিনি আমাদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। ভুক্তভোগী নারী ক্রিকেটারের অভিভাবকেরা তাঁর সঙ্গে কথা বলতে গেলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিনি শুনতে রাজি না হয়ে আমাদের ধমক দেন। আমাদের কাছে মনে হয়েছে যৌন হয়রানির মতো স্পর্শকাতর বিষয়টিকে তিনি মোটেও গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।’

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ‘গত ৫ জুলাইয়ের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। মামলার অন্যতম আসামি মারুফা স্মারকলিপি প্রদানের সময় আমাদের সঙ্গে ছিলেন না। ডিসির কক্ষে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখলে পুরো ঘটনার সঠিক চিত্র পাওয়া যাবে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসক যৌন নিপীড়নের মতো একটি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এ ধরনের একটি মিথ্যা মামলা সাজিয়েছেন। তাঁরাএ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ডিসির অপসারণ দাবি করেন।

দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মারুফা মুঠোফোনে বলেন, ‘ঘটনার দিন দাপ্তরিক কাজে জেলা প্রশাসকের কাছে গিয়েছিলাম। ওই সময় সেখানকার পরিস্থিতি ভালো না দেখে অধ্যক্ষসহ আমরা দ্রুত কলেজে ফিরে আসি। আমি ওই আন্দোলনের কোনো কর্মসূচিতে অংশ নিইনি। বুঝতে পারছি না কেন আমার নামে মামলা করা হলো।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের সভাপতি রেজাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন, সিপিবির নেতা আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

অভিযোগ অস্বীকার করে ডিসি খায়রুল আলম বলেন, ‘তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ঠিক নয়। অভিযুক্ত কোচ আবু সামাদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর মারুফার এ ব্যাপারে সংশ্লিষ্টতা আছে কি না, পুলিশ তা তদন্ত করে দেখবে। যদি তাঁর সংশ্লিষ্টতা না থাকে, তা হলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।’