দিনাজপুরে এক নারী ক্রিকেটারকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বহিষ্কার হওয়া বিসিবির ক্রিকেট কোচ আবু সামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে মামলাটি করেছেন ভুক্তভোগী ক্রিকেটারের বাবা।
মামলার এজাহারে ওই ক্রিকেটারের বাবা উল্লেখ করেন, ‘৩ বছর ধরে তাঁর মেয়ে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের কোচ আবু সামাদের কাছে অনুশীলন করে আসছিল। গত ১ জুন দিনাজপুর বড় মাঠে অন্যদের সঙ্গে অনুশীলন করার সময় সে পায়ে আঘাত পায়। পাশে স্পোর্টস ভিলেজে গিয়ে তার সঙ্গী পায়ে বরফ লাগিয়ে দিচ্ছিল। ওই সময় আবু সামাদ স্পোর্টস ভিলেজে এসে তাঁর মেয়ের সঙ্গীকে মাঠে পাঠিয়ে দিয়ে তাকে যৌন নিপীড়ন করেন।’
এজাহারে আরও বলা হয়, আবু সামাদ আগেও অনেক নারী ক্রিকেটারের সঙ্গে এমন কাজ করেছেন। ওই কোচের যৌন নিপীড়নের ঘটনার সাক্ষী হিসেবে মামলায় ৬ জন নারী ও পুরুষ ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়। এতে উল্লেখ করা হয়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা ক্রীড়া সংস্থা ও বিসিবিসহ সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযোগ দেওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে দেরি হলো।
এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে গতকাল রোববার সন্ধ্যায় অভিযুক্ত কোচ আবু সামাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক(তদন্ত) মো. ফখরুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই নারী ক্রিকেটারের বাবা মামলাটি করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।