দিনাজপুরের স্কুলে বোমাসদৃশ বস্তু, স্কুল ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ভেতর আজ শনিবার সকালে ‘বোমাসদৃশ’ একটি বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হওয়ায় ওই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে নৈশ প্রহরী আবদুল মান্নান অধ্যক্ষের কার্যালয়ের পূর্ব পাশে অভিভাবকদের বসায় জায়গায় বেশ কিছু বৈদ্যুতিক তারসহ ‘বোমাসদৃশ’ একটি বস্তু দেখতে পান। ঘটনাটি তৎক্ষণাৎ তিনি শিক্ষকদের জানানোর পর পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনার পর বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর পুলিশের একটি দল ওই বিদ্যালয়ে গিয়ে বস্তুটি উদ্ধার করেছে। বৈদ্যুতিক তার সংযুক্ত কয়েকটি ব্যাটারিতে টেপ প্যাঁচানো ছিল। তারগুলো কেটে তা নিষ্ক্রিয় করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো বোমা নয়। আতঙ্ক ছড়ানোর জন্যই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।